হোম > প্রবাস > রেমিট্যান্স

বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধ না হলে রেমিট্যান্স শাটডাউনের হুমকি

নিজস্ব প্রতিবেদক

ছবি: সংগৃহীত

বাংলাদেশের সব বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি ও হেনস্তা বন্ধ না হলে ডিসেম্বরের পর রেমিট্যান্স শাটডাউনের হুমকি দিয়েছে প্রবাসী নাগরিক সমাজের যুক্তরাষ্ট্র শাখা।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে নোয়াখালী সমিতির সামনের প্রধান সড়কে প্রবাসী নাগরিক সমাজের যুক্তরাষ্ট্র শাখা এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এস এম রহমত উল্লাহ ভূঁইয়া বলেন, রেমিট্যান্স বাংলাদেশের একটি শিল্প। এই শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে দেশের বিমানবন্দরগুলোতে প্রবাসীদের প্রথম শ্রেণির নাগরিকের মর্যাদা দিতে হবে। বিমানবন্দরে প্রবাসীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তাদের হয়রানি ও হেনস্তা বন্ধ করতে হবে। বিদেশে লোক পাঠানোর নামে দলীয় সিন্ডিকেটের প্রতারণার শিকার প্রবাসীদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা বাংলাদেশে টাকা পাঠান। অন্যদিকে, লুটপাটকারী রাজনীতিবিদ ও সংসদ সদস্য-মন্ত্রীরা দেশের টাকা বিদেশে পাচার করে দেশকে পঙ্গু রাষ্ট্রে পরিণত করছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, রাষ্ট্রের যেখানেই অনিয়ম ও দুর্নীতি দেখা দেবে, প্রবাসীরা সেখান থেকেই প্রতিরোধের ডাক দেবেন।

এ সময় প্রবাসী নেতৃবৃন্দ সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হেনস্তা এবং নরসিংদীতে এক প্রবাসীকে কটূক্তি করার ঘটনায় প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান। তারা অবিলম্বে অভিযুক্ত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিনকার্ড বাতিল এবং বাংলাদেশে অবস্থিত তাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানান।

সমাবেশে জেএসএফের চেয়ারম্যান হাজী আনোয়ার হোসেন এবং প্রবাসী নাগরিক সমাজের নেতা মো. শহিদুল্লাহ, মাওলানা জাকির হোসেন, আশরাফুল হাসান, সাইফুল ইসলাম, মো. কাশেম, আবদুল হুদা, ইসমাইল হোসেন, মিজানুর রহমান ও দীন মুহাম্মদ প্রমুখ বক্তব্য দেন।

এআরবি

আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

মালদ্বীপ প্রবাসীদের জন্য এবার যে নতুন উদ্যোগ

‘ভয়ংকর’ ১০ বাংলাদেশি যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার