হোম > প্রবাস > রেমিট্যান্স

মালদ্বীপ প্রবাসীদের জন্য এবার যে নতুন উদ্যোগ

প্রবাস ডেস্ক

মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য সহজ, নিরাপদ ও স্বল্পব্যয়ী রেমিট্যান্স-ব্যবস্থা নিশ্চিত করতে বাংলাদেশ হাইকমিশন একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে মালদ্বীপীয় মুদ্রা রুপিয়া সরাসরি বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা চালুর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা।

এই উদ্যোগের অংশ হিসেবে মঙ্গলবার (২৩ জুন) ব্যাংক অব মালদ্বীপের (বিএমএল) প্রধান কার্যালয়ে বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের সঙ্গে ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শরীফের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রবাসী কল্যাণ, বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়ানো এবং বাংলাদেশ-মালদ্বীপের অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করে।

বৈঠকে উভয় পক্ষ একমত হয় যে, প্রবাসী কল্যাণ, আর্থিক অন্তর্ভুক্তি, রেমিট্যান্স প্রবাহ বাড়ানো এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে একটি বাস্তবসম্মত, টেকসই ও কার্যকর ব্যবস্থা খুঁজে বের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৈঠকে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার আর্থিক সহযোগিতা সম্প্রসারণ, প্রবাসী বাংলাদেশিদের আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং দুই দেশের ব্যাংকিং ও অর্থনৈতিক সংযোগ আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল মালদ্বীপে কর্মরত বিপুলসংখ্যক বাংলাদেশির কষ্টার্জিত অর্থ বৈধ চ্যানেলে আরও সহজে ও দ্রুত বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা উন্নত করা।

এ লক্ষ্যে মালদ্বীপের রুফিয়া (এমভিআর) এবং বাংলাদেশের টাকা (বিডিটি)-এর মধ্যে সরাসরি আর্থিক লেনদেন ও রেমিট্যান্স প্রেরণের সম্ভাব্য কাঠামো নিয়ে উভয়পক্ষ মতবিনিময় করেন।

বৈঠকে ড. নাজমুল ইসলাম বলেন, মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে সরাসরি আর্থিক লেনদেনের সুযোগ সৃষ্টি হলে প্রবাসীরা কম খরচে, কম সময়ে এবং নিরাপত্তার সঙ্গে দেশে অর্থ পাঠাতে পারবেন। পাশাপাশি এটি দুই দেশের মধ্যে বৈধ আর্থিক প্রবাহ বৃদ্ধি, ব্যাংকিং সহযোগিতা সম্প্রসারণ এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে সহায়তা করবে।

বৈঠকে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সম্ভাব্য ঋণসুবিধা প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা হয়। উভয় পক্ষের মতে, ভবিষ্যতে একটি উপযুক্ত আর্থিক সহযোগিতা কাঠামো গড়ে উঠলে তা দুই দেশের বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ, খাদ্য নিরাপত্তা, সংযোগ বৃদ্ধি এবং অর্থনৈতিক অংশীদারিত্বকে নতুন মাত্রা দিতে পারে।

ব্যাংক অব মালদ্বীপের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফ বাংলাদেশি প্রবাসীদের অবদানের প্রশংসা করেন এবং তাদের জন্য কার্যকর ও ব্যবহারবান্ধব আর্থিক সেবা নিশ্চিত করার বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।

‘ভয়ংকর’ ১০ বাংলাদেশি যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার