হোম > বিনোদন

অ্যালিয়ঁস ফ্রঁসেজে তন্ময়ের একক চিত্র প্রদর্শনী ‘সবুজের বৈভব’ শুরু

বিনোদন রিপোর্টার

রাজধানীর অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ‘লা গ্যালারি’তে ২২ সেপ্টেম্বর শুরু হয়েছে সমকালীন চিত্রশিল্পী সুবর্ণ চক্রবর্তী তন্ময়ের প্রথম একক চিত্র প্রদর্শনী ‘সবুজের বৈভব’। সুমন ওয়াহেদের কিউরেশনে আয়োজিত এই প্রদর্শনীতে মূল প্রেরণা হিসেবে উঠে এসেছে প্রকৃতির নানা অনুষঙ্গ—বিশেষ করে পাতা, ফুল ও ঘাস। এসব উপাদানের বৈচিত্র্যময় আকৃতি, গঠন, রং ও সূক্ষ্ম ছন্দ ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন শিল্পী।

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের অনারারি অধ্যাপক, বিশিষ্ট চিত্রশিল্পী জামাল আহমেদ এবং একই বিভাগের অধ্যাপক শেখ আফজাল হোসেন।

শিল্পী তন্ময় জানান, কোভিড-১৯ মহামারির বন্দিদশায় চারপাশের প্রকৃতিকে নতুন চোখ ও নতুন অভিজ্ঞতায় দেখতে শুরু করেন তিনি। সে সময় বিভিন্ন উদ্ভিদ ও পাতার স্বতন্ত্র সৌন্দর্য তাঁর নজর কাড়ে, যা পরবর্তীতে তাঁর শিল্পচর্চার মূল উপজীব্যে পরিণত হয়। বিশেষ করে পাতার রঙের সূক্ষ্মতার তারতম্য তিনি ক্যানভাসে বিভিন্ন রঙের মিশ্রণ ও স্তরায়নের (layering) মাধ্যমে নিপুণভাবে তুলে ধরেছেন। নিবিড় পর্যবেক্ষণ ও রঙের ব্যবহারের মধ্য দিয়েই প্রকৃতির এই সূক্ষ্ম রূপ তাঁর নিজস্ব চিত্রভাষার অংশ হয়ে উঠেছে।

‘সবুজের বৈভব’ প্রদর্শনীর মাধ্যমে শিল্পী দর্শককে চারপাশের প্রায় উপেক্ষিত কিন্তু অপরূপ প্রকৃতির দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন। প্রকৃতির বৈচিত্র্য ও গুরুত্ব উপলব্ধি করে পরিবেশের প্রতি সচেতনতা বাড়ানোর বার্তাও দিচ্ছে এই আয়োজন।

উল্লেখ্য, সুবর্ণ চক্রবর্তী তন্ময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে ২০২২ সালে বিএফএ এবং ২০২৪ সালে এমএফএ সম্পন্ন করেন। তিনি প্রধানত তেলরং, অ্যাক্রিলিক, জলরং ও পেন্সিল মাধ্যমে কাজ করে থাকেন। চিত্রশিল্পে বিশেষ অবদানের জন্য তিনি ২০২৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক শিল্প প্রদর্শনীতে 'মিডিয়া বেস্ট অ্যাওয়ার্ড (জলরং)' এবং ২০২১ সালে '২৬তম বার্জার ইয়ং পেইন্টার্স আর্ট কম্পিটিশন'-এ 'গ্র্যান্ড অ্যাওয়ার্ড' অর্জন করেন। বর্তমানে তিনি একজন ফ্রিল্যান্স শিল্পী হিসেবে কাজ করছেন।

পারিবারিক গল্পের নাটকে সায়েম সামাদ, বড়দা মিঠু, রুমা ও মৌ শিখা

‘আমরা ভাইরাল’-এ শাকিলা পারভীন

স্থগিত সৌদি আরবের ‘রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’

ঢালিউড অ্যাওয়ার্ডে শাকিব খান, সঙ্গে ঝলমলে তারার মেলা

আসছে অপি-ঋত্বিকের বহুল প্রশংসিত সিনেমা ‘মায়ার জঞ্জাল’

১০ বছর পর কাজী শুভর একক অ্যালবাম ‘কেউ বুঝলো না’

আড্ডা ও স্মৃতিকথায় মেতে উঠলেন গুণী অভিনেত্রীরা

ফিলাডেলফিয়ায় মঞ্চে গাজা ও ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে বক্তব্য এড শিরানের

সংগীতের সঙ্গে রাজনীতির সম্পর্ক নিয়ে বিতর্কে বিভক্ত শিল্পীরা

দিলারা জামান, আবুল হায়াত ও ডলি জহুরের ‘দাদী ভয়ংকর’