অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় শুরু হলো ফরাসি শিল্পী ফ্লাভিয়েন মার্তিনেলের একক শিল্প প্রদর্শনী ‘রিলমস অফ কিউরিসিটি’। প্রদর্শনীতে শিল্পীর ৩০টি নির্বাচিত শিল্পকর্ম স্থান পেয়েছে, যা পর্যবেক্ষণ, আবেগ, স্মৃতি এবং দৈনন্দিন জীবনের নানা অভিজ্ঞতা থেকে নির্মিত।
প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত হয় ২৬ সেপ্টেম্বর, অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার গ্যালারি জুমে। প্রদর্শনী চলবে ৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত।
প্রদর্শনীতে ফ্লাভিয়েন মার্তিনেলের পূর্ববর্তী শিল্পকর্মের নির্বাচিত একটি সংকলন উপস্থাপন করা হয়েছে, যা তাঁর শিল্পচর্চা এবং সময়ের সঙ্গে তাঁর কাজকে প্রভাবিত করা বিভিন্ন ভাবনা ও বিষয়বস্তুর সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেয়। প্রদর্শনীর পাশাপাশি ফ্লাভিয়েন ঢাকায় এক মাসব্যাপী শিল্পী রেসিডেন্সি করবেন। এই সময়ে তিনি ঢাকা শহর ও এর পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে যুক্ত হবেন, নতুন ভাবনা ও অভিজ্ঞতা অনুসন্ধান করবেন এবং তাঁর শিল্পচর্চাকে আরও বিকশিত করবেন। একই সঙ্গে হাতে-কলমে একটি কর্মশালাসহ বিভিন্ন সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে স্থানীয় দর্শক ও অংশগ্রহণকারীদের সঙ্গে তাঁর অভিজ্ঞতা ও শিল্পচর্চা ভাগ করে নেবেন।
বিভিন্ন স্থান, মানসিক অবস্থা এবং ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়ে ফ্লাভিয়েন তাঁর দেখা ও অনুভব করা মুহূর্তগুলোকে অঙ্কন ও চিত্রকলার মাধ্যমে প্রাণবন্ত শিল্পকর্মে রূপ দেন। তাঁর কাজের অনুপ্রেরণার উৎস বৈচিত্র্যময়—নিজের বিশ্বাসকে চ্যালেঞ্জ করে এমন সংবাদ ও ঘটনাবলি থেকে শুরু করে পথকুকুরের সঙ্গে সাক্ষাৎ, অধরা স্বাধীনতায় বিচরণরত পাখি পর্যবেক্ষণ, কিংবা একাকিত্ব, একঘেয়েমি ও আত্মঅনুসন্ধানের নীরব মুহূর্ত।
স্বতঃস্ফূর্ত তুলির আঁচড় এবং বিভিন্ন শিল্পকৌশলের ব্যবহারে কৌতূহলের জগৎ দৈনন্দিন জীবনের অপ্রত্যাশিত ও সূক্ষ্ম নানা দিককে অনুসন্ধান করে। প্রদর্শনীটি দর্শকদের শিল্পীর অন্তর্জগতের একটি আভাস দেবে, যেখানে পর্যবেক্ষণের সঙ্গে কল্পনা এবং সহজাত অনুভূতির সঙ্গে শিল্পকৌশলের মেলবন্ধন ঘটে। কোনো একক আখ্যান অনুসরণ না করে, শিল্পকর্মগুলো দর্শকদের বিভিন্ন অনুভূতি, স্মৃতি ও অভিজ্ঞতার বিচ্ছিন্ন অংশের মধ্য দিয়ে নিজস্ব অর্থ খুঁজে নেওয়ার সুযোগ করে দেয়।