হোম > বিনোদন

ঈদে ওটিটিতে মুক্তি পেল যেসব সিনেমা

বিনোদন রিপোর্টার

কোরবানির ঈদ উপলক্ষে দর্শকদের জন্য ওটিটি প্ল্যাটফর্মে এসেছে সাহিত্যনির্ভর গল্প, বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত থ্রিলার, প্রেম-অ্যাকশন আর সামাজিক সংকট নিয়ে নির্মিত কিছু সিনেমা। এর মধ্যে রয়েছে তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’, আফরান নিশোর ‘দম’, সিয়াম আহমেদের ‘রাক্ষস’, শাকিব খানের ‘প্রিন্স’সহ গত রোজার ঈদে মুক্তি পাওয়া আলোচিত সিনেমাগুলো। এছাড়াও নতুন করে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্ম ও শর্টফিল্মও। হইচই, চরকি, আইস্ক্রিন, বঙ্গ ও উৎসব প্রতিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে সিনেমাগুলো।

তানিম নূরের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি চলছে হইচইয়ে। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘বনলতা এক্সপ্রেস’। এই সিনেমার কাহিনীতে একটি ট্রেনকে ঘিরে যাত্রাপথের নানা ঘটনার মধ্য দিয়ে কিছু মানুষের স্মৃতি, রাজনীতি ও মন্ত্রীর কবিতা পাঠ, সম্পর্ক, বিচ্ছেদ ও মানুষের আবেগের দিক তুলে ধরেছেন নির্মাতা। সিনেমায় হাস্যরস যেমন আছে, তেমনি আবেগও আছে। পাশাপাশি দেখা গেছে পেশাদার দায়িত্ববোধের দৃশ্যও।

সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, সাবিলা নূর, শরিফুল রাজ, জাকিয়া বারী মম, চঞ্চল চৌধুরী, আজমেরী হক বাঁধন, শ্যামল মাওলা, ইন্তেখাব দিনার, শামীমা নাজনীন, আরেফিন জিলানী, সাবরিন আজাদ, লাবণ্য চৌধুরী, তামিম করিম, সিফাত রহমান, এ কে আজাদ সেতুসহ আরো অনেকে।

গত রোজার ঈদে মুক্তি পাওয়া ‘দম’ সিনেমাটি দেখাচ্ছে চরক। কোরবানির ঈদ ঘিরেই মুক্তি পেয়েছে সিনেমাটি। ‘দম’ পরিচালনা করেছেন রেদওয়ান রনি। আফগানিস্তানে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এক বাংলাদেশির জীবনের সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে চিত্রনাট্যে লেখা হয়েছে। যেখানে দেখা গেছে, এনজিও কর্মী শাহজাহান ইসলাম নূর আফগানিস্তানে গিয়ে দুষ্কৃতকারীদের হাতে বন্দি হন। সেই বন্দিদশা থেকে নূরের পরিবারের কাছে বেঁচে ফেরার আকুতি ও মানবিক গল্পের সিনেমা ‘দম’। এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও পূজা চেরী; তাদের সঙ্গে আছেন চঞ্চল চৌধুরী। অভিনয় করেছেন জাহিদ হাসান, আবুল হায়াত, ডলি জহুরসহ অনেকে। ‘দম’-এর চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান ও মো. সাইফুল্লাহ রিয়াদ।

ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে ঈদের আগের দিন থেকে দেখা যাচ্ছে মডেল অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ অভিনীত সিনেমা ‘সারার সংসার’। সিনেমার গল্প প্রয়াত লেখক কাজী আনোয়ার হোসেনের লেখা উপন্যাস ‘আর্তনাদ’ অবলম্বনে। এটি পরিচালনা করেছেন আকা রেজা গালিব। চিত্রনাট্যে উঠে এসেছে এক মায়ের মানসিক টানাপোড়েন, অপরাধবোধ, নৈতিক দ্বন্দ্ব এবং সন্তানকে রক্ষার সংগ্রামের গল্প। জটিল ও আবেগঘন এই চরিত্রেই মৌকে দেখা যাবে।

প্রায় ৯৯ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমায় আ অভিনয় করেছেন গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, নাফিস আহমেদ, নাফিসা মালিয়াত প্রমি, একে আজাদ সেতু, ইহতেশাম আহমেদ টিংকুসহ অনেকে। চিত্রনাট্য লিখেছেন কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ মাসুমা মায়মুর। প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। গেল রোজার ঈদে মুক্তি পাওয়া সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’ সিনেমাটি আইস্ক্রিনে দেখা যাচ্ছে। সিনেমাটি নির্মাণ করেছেন মেহেদি হাসান হৃদয়। ‘রাক্ষস’ সিনেমায় উঠে এসেছে একটি পাগলাটে প্রেমের গল্প। অ্যাকশন ও সহিংসতায় ভরপুর এই সিনেমায় সিয়ামের বিপরীতে আছেন কলকাতার সুস্মিতা চট্টোপাধ্যায়; আরো অভিনয় করেছেন আলী রাজ, সোহেল মণ্ডলসহ অনেকে। সিনেমাটির বিশেষ গানে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক।

ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে শনিবার থেকে দেখা যাচ্ছে সিনেমা ‘পায়ের তলায় মাটি নাই’। সিনেমাটি পরিচালনা করেছেন মোহাম্মদ রব্বী মৃধা। জলবায়ু পরিবর্তন, সামাজিক সংকট ও মানবিক টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে সাইফুল নামের এক দরিদ্র অ্যাম্বুলেন্স চালককে ঘিরে। দুই স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক, দারিদ্র্য, সহিংসতা ও টিকে থাকার সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে যায় গল্প। অভিনয় করেছেন প্রিয়ম আর্চি, দীপান্বিতা মার্টিন ও মোস্তফা মনোয়ার। সীমান্তের দুই প্রান্তের দুই মানুষের আবেগ, ভালোবাসা ও দূরত্বের গল্প নিয়ে ওয়েব ফিল্ম ‘তাজমহল’ বঙ্গতে মুক্তি পেয়েছে বৃহস্পতিবার। এতে অভিনয় করেছেন কলকাতার পরিচিত মুখ সৃজা দত্ত ও দেশের নতুন অভিনেতা ফাইজুল ইয়ামিন। ‘তাজমহল’ দিয়ে দীর্ঘ ১১ বছরের বিরতি ভেঙে আবারও পরিচালকের আসনে ফিরছেন নির্মাতা ওয়াহিদ আনাম।

সিনেমায় আরো অভিনয় করেছেন আ খ ম হাসান, মালিহা মেধাসহ অনেকে। মঙ্গলবার ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গে মুক্তি পায় শর্টফিল্ম ‘একটি খুনের বিবরণ’। সিনেমাটি পরিচালনা করেছেন মোর্শেদ হিমাদ্রি হিমু। এতে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, সাবরিন আজাদসহ অনেকে। দেখা যায়, একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের স্বীকারোক্তিকে কেন্দ্র করে এগিয়ে যায় গল্প। তদন্ত যত এগোয়, ততই সামনে আসে নতুন রহস্য। শাহজাহান নামের এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। ভয়াবহ কিছু স্মৃতিচারণ ও আবেগঘন সত্যের মধ্য দিয়ে চলচ্চিত্রটি তুলে ধরে এক রহস্যময় স্বীকারোক্তির পেছনে লুকিয়ে থাকা বাস্তব কারণ।

নতুন ওটিটি প্ল্যাটফর্ম উৎসব-এ মুক্তি পেয়েছে গত ঈদের দুই সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ ও ‘রাক্ষস’। রোজার ঈদে মুক্তি পেয়েছিল আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। নব্বই দশকে ঢাকার অপরাধ জগতকে কেন্দ্র করে তৈরি হয়েছে সিনেমাটি। এই সিনেমার গল্পে সাম্রাজ্য, প্রভাব ও অ্যাকশনের দৃশ্য তুলে ধরেছেন নির্মাতা। যেখানে গ্যাংস্টারের রূপে দেখা গেছে শাকিবকে। শাকিবের সঙ্গে অভিনয় করেছেন দুই নায়িকা তাসনিয়া ফারিণ ও কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুর। আরো আছেন আলোচিত ভারতীয় অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য। বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজসহ অনেকে।

‘ক্রমাগত থ্রেট’ পাচ্ছেন মাবরুর রশীদ বান্না

‘বনলতা সেন’ নির্মাতার স্মৃতিচারণ

ঈদের ৭ দিনে টেলিভিশনে প্রায় ১০০ সিনেমা

দুই সংসার ও সন্তানদের নিয়ে জেমসের ঈদ

মোশাররফ করিমের ‘বউয়ের মামলা’

হিজাব পরায় কটাক্ষের শিকার বলিউড অভিনেত্রী

আলোচনায় ‘তোমাদের গল্প ২’

সরকারের উদ্দেশ্যে যা বললেন আশফাক নিপুন

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ ছবির প্রদর্শনী স্থগিত

৭৩ বছরের ঐতিহ্যে বিরতি, ২০২৬ সালের মিস ইউনিভার্সে থাকছে না ফ্রান্স