হোম > বিনোদন

সভাপতি পদে লড়বেন আরমান, সাধারণ সম্পাদক মুক্তি

শিল্পী সমিতির নির্বাচন

বিনোদন রিপোর্টার

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ৩ জুলাই হওয়ার কথা রয়েছে। এরইমধ্যে প্যানেল গোছানো নিয়ে ব্যস্ত আগ্রহী প্রার্থীরা।

নির্বাচন থেকে জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ নিজের নাম প্রত্যাহার করে নেয়ার পর সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন ফাইট ডিরেক্টর, অভিনেতা, প্রযোজক ও পরিচালক আরমান।

তিনি একাধারে অভিনেতা, প্রযোজক ও পরিচালক। শিল্পী সমিতির কমিটিতে একাধিকবার বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ আরমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলিয়েছেন। এবারই প্রথম সভাপতি পদে লড়তে যাচ্ছেন। আরমানের প্যানেলে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে লড়বেন ‘চাঁদের আলো’খ্যাত জনপ্রিয় অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। তাঁরা দু’জনই এ তথ্য নিশ্চিত করেছেন।

আরমান বলেন, ‘সিনিয়র-জুনিয়র শিল্পীদের আগ্রহে এবার সভাপতি পদে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি। বিগত সময়ে যতবার নির্বাচনে অংশ নিয়েছি শিল্পীরা আমাকে নিরাশ করেননি। এবারও আশা করব তাঁরা আমাকে কাজের সুযোগ করে দিবেন। শিল্পী সমিতি নিয়ে আমাদের বেশকিছু পরিকল্পনা আছে। আমি আর মুক্তি নির্বাচিত হলে শিল্পীদের কল্যাণে তা বাস্তবায়নের জন্য নিরলস চেষ্টা করব।’

সম্প্রতি শোনা গিয়েছিল, আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে লড়বেন একসময়ের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। যদিও অবশেষে এই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি— এমনটা জানিয়ে মুক্তি বলেন, ‘ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যস্ততার কারণে বাপ্পা ভাই নির্বাচনে অংশ নিতে পারছেন না। যে কারণে সাধারণ সদস্যদের আগ্রহে আরমান মামা সভাপতি পদে নির্বাচনে অংশ নিচ্ছেন। গুণী শিল্পীদের নিয়ে আমরা সুন্দর একটি প্যানেল চূড়ান্ত করেছি। আমরা নির্বাচিত হলে শিল্পীদের জন্য কাজ করব।’

আসন্ন এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত হয়েছেন চলচ্চিত্র প্রযোজক, পরিচালক এবং বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড’র সাবেক সভাপতি কামাল মো. কিবরিয়া লিপু। আপিল বোর্ড প্রধান করা হয়েছে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত চলচ্চিত্রকার ছটকু আহমেদকে।

গত দেড় বছরে সহকর্মী শিল্পীদের সঙ্গে নানা সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন মুক্তি। শিল্পীদের একটি অংশ মনে করছেন, তাঁর দীর্ঘদিনের পারিবারিক ঐতিহ্য, সাংগঠনিক অভিজ্ঞতা ও শিল্পীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তাঁকে গুরুত্বপূর্ণ প্রার্থী হিসেবে সামনে এনেছে।

অবুঝ প্রাণীটার প্রতি রহম করুন: আসিফ আকবর

মন্টেনিগ্রো চলচ্চিত্র উৎসবে এমি অ্যাওয়ার্ড জয়ী ‘নিশি’

‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান

রুবার কণ্ঠে নতুন গান ‘মেঘে ঢাকা চাঁদ’

সমালোচকদের প্রতি প্রশ্ন ছুড়ে দিলেন শাকিব খান

৮১ বছর বয়সে প্রেম, প্রেমিকার ছেলের হাতে খুন মার্কিন অভিনেতা

এবার কন্যা সন্তানের মা হলেন বুবলী

আজম খান : বাংলা ব্যান্ড সংগীতের প্রধান স্থপতি

হুমায়ূন আহমেদ স্মরণে পুত্র নুহাশ

আমার স্বামী রবিনকে খুব মিস করছি: শবনম