হোম > বিনোদন

বিপর্যস্ত নেপালে পর্যটকদের ফিরে আসার আহ্বান অভিনেত্রী মনীষার

বিনোদন ডেস্ক

অভিনেত্রী মনীষা কৈরালা। ছবি: সংগৃহীত

হিমালয়কন্যা হিসেবে পরিচিত নেপাল প্রকৃতির অপার সৌন্দর্যে সমৃদ্ধ। তবে সম্প্রতি হড়পা বানে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে দেশটি। এতে প্রায় এক হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছে চার হাজারের বেশি মানুষ। নেপালের ইতিহাসে এটি স্মরণকালের অন্যতম ভয়াবহ দুর্যোগ।

এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই নেপাল ভ্রমণ এড়িয়ে চলছেন বিদেশি পর্যটকরা। তবে তাদের নেপালে ভ্রমণে আসার অনুরোধ জানিয়েছেন অভিনেত্রী মনীষা কৈরালা। বলিউডে তারকা খ্যাতি পেলেও তিনি মূলত নেপালি অভিনেত্রী।

নেপালের অর্থনীতিতে পর্যটন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বিপর্যস্ত দেশটির ঘুরে দাঁড়ানোর জন্য পর্যটকদের প্রয়োজন বলে মনে করেন মনীষা। এ কারণে বিদেশি পর্যটকদের নেপালে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

গত ৩০ আগস্ট কাঠমান্ডুতে সদগুরুর আয়োজিত ‘ইন সলিডারিটি উইথ নেপাল’ অনুষ্ঠানে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশে মনীষা বলেন, ‘আপনারা বারবার নেপালের প্রতি যে ভালোবাসা ও সমর্থন দেখিয়েছেন, তা যেন অব্যাহত থাকে। একটি দেশ হিসেবে আমাদের প্রয়োজন মানুষ আমাদের দেশে আসুক। আমরা চাই না, আমাদের শুধু এমন একটি দেশ হিসেবে দেখা হোক, যেখানে সব সময় দুর্যোগ বা সংকট লেগেই থাকে। আমরা চাই আপনারা ভ্রমণ করুন।’

সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘হ্যাঁ, তিব্বত ও নেপাল সীমান্তে দুর্যোগ হয়েছে। কিন্তু পর্যটনই আমাদের প্রাণ। এটা মনে রাখতে হবে। দেশের বাকি অংশে আমাদের পর্যটন প্রয়োজন।’

মনীষার ভাষ্য, নেপালকে শুধু দুর্যোগের জন্য নয়, হিমালয়, প্রকৃতি, সংস্কৃতি, ঐতিহ্য ও মানুষের আতিথেয়তার জন্যও মনে রাখা উচিত।

নেপালের কাঠমান্ডুতে জন্ম মনীষা কৈরালার। ১৯৮৯ সালে নেপালি সিনেমা ‘ফেরি ভেতোলা’ দিয়ে অভিনয়ে অভিষেক হয় তার। এরপর ১৯৯১ সালে ‘সওদাগর’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। হিন্দি সিনেমায় ব্যাপক সাফল্যের পাশাপাশি তামিল সিনেমায়ও জনপ্রিয়তা পেয়েছেন এই অভিনেত্রী।

‘সুন্দরভাবে বাঁচতে চাই, খোদার নাম নিতে চাই’

চার দশক পর ‘ডেজ অব থান্ডার’-এর সিক্যুয়েলে টম ক্রুজ, সঙ্গী অ্যান হ্যাথাওয়ে

তন্ময়-মিহি জুটির ‘ভালোবাসার ঘর’

সালমান শাহর অসমাপ্ত যে সিনেমায় অভিনয় করেন ওমর সানি

ঢাকায় ফিরে নেপালের ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করলেন অপু বিশ্বাস

‘গুলশানের চামেলী’তে ফিরছেন বাপ্পারাজ

আলিয়ঁস ফ্রঁসেজে শুরু হচ্ছে প্রদর্শনী ‘আনটোল্ড স্টোরি’

জাকারবার্গের বিতর্কিত অধ্যায় নিয়ে বড় পর্দায় ‘দ্য সোশ্যাল রেকনিং’

মক্কা গিয়ে বিশেষ প্রার্থনা, তরুণদের উদ্দেশে যে বার্তা দিলেন রাখি সাওয়ন্ত

ইমরাউল রাফাতের ‘রোল নাম্বার’-এ প্রান্ত ও এশা