হোম > বিনোদন

ছেলের পরিচালনায় মুক্তি পাচ্ছে কবরীর শেষ সিনেমা

বিনোদন রিপোর্টার

কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরীর রেখে যাওয়া অসমাপ্ত সিনেমা ‘এই তুমি সেই তুমি’র নির্মাণকাজ শেষ করেন তাঁর ছেলে শাকের চিশতী। এবার মুক্তির মিছিলে হাঁটছে সিনেমাটি। তবে দেশে নয়, বিদেশের কোনো উৎসবে এর প্রথম প্রিমিয়ার হবে। এরপর দেশে মুক্তি পাবে সিনেমাটি। এমনটি জানিয়েছেন কবরীর ছেলে।

অভিনেত্রী সারাহ বেগম কবরী নির্মাণ শুরু করেছিলেন ‘এই তুমি সেই তুমি’। মাত্র দুই দিনের শুটিং বাকি ছিল সিনেমাটির। তার আগেই ২০২১ সালে মৃত্যুর কাছে হার মানতে হয়েছে অভিনেত্রীকে। পরবর্তী সময়ে কবরীর ছেলে শাকের চিশতী সেই অসমাপ্ত কাজের দায়িত্ব নেন এবং ২০২৩ সালের শেষের দিকে সিনেমাটির নির্মাণকাজ সম্পন্ন করেন।

চিশতী বলেন, ‌‘আম্মুর অসমাপ্ত কাজ শেষ করাটা আমার জন্য বিশাল চ্যালেঞ্জ ছিল। অবশেষে সেটি করতে পেরেছি। ডাবিং, সম্পাদনা থেকে শুরু করে শেষ মুহূর্তের কাজগুলোও নিজেই তদারকি করেছি।’

তিনি আরও বলেন, ‘আম্মু চলে যাওয়ার পর নানা জটিলতার কারণে সময় লেগেছে। ইতোমধ্যে বিদেশের কয়েকটি উৎসবে সিনেমাটি পাঠানো হয়েছে। সেসব উৎসবে প্রদর্শনীর পরই দেশে মুক্তির সিদ্ধান্ত নেব। তাই এখনই কোনো নির্দিষ্ট সময় জানানো সম্ভব নয়।’

‘এই তুমি সেই তুমি’র কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছিলেন কবরী নিজেই। গল্পে দুটি সময়ের প্রতিফলন রয়েছে— একটি বর্তমান, অন্যটি মুক্তিযুদ্ধের সোনালী দিন। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নিশাত নাওয়ার সালওয়া ও রায়হান রিয়াদ।

পরিচালনা ও অভিনয়ের পাশাপাশি সিনেমাটির জন্য গানও লিখেছিলেন কবরী। তাঁর লেখা গানে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কোনাল, আর সংগীত পরিচালনা করেছেন বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন।

ব্যবসায়িক সংকটে অনন্ত জলিল, দোয়া চাইলেন বর্ষা

৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের একক অ্যালবাম ‘বোকা’

ইতি টানছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

প্রকাশ পেলো তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’

পাকিস্তানের সিনেমা হল নিয়ে ভুল তথ্য, সমালোচনার মুখে শাকিব খান

ফ্যাসিবাদ গেছে, কালচারাল ফ্যাসিস্টরা এখনো বহাল তবিয়তে: মাবরুর রশিদ বান্নাহ

আরও ভালো গল্পে অভিনয় করার প্রত্যাশা রাখি: ফারজানা চুমকি

চিঠির ঐতিহ্য নিয়ে বিটিভিতে বিশেষ অনুষ্ঠান ‘ফিরে এসো চিঠি’

বাংলাদেশে মুক্তি পাচ্ছে তুর্কি হরর সিনেমা ‘সয়’

ঈদে আসছে সিয়াম–তুষির ‘আবার দেখা হলে’