জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীতপরিচালক বাপ্পা মজুমদার নিয়ে এলেন তার নতুন মৌলিক গান ‘যদি কখনো’। শুক্রবার রাত ৯টায় গায়কের নিজস্ব অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও উন্মুক্ত করা হয়।
গানটির কথা যৌথভাবে লিখেছেন বাপ্পা মজুমদার ও শাহান কবন্ধ। সুর ও সংগীতপরিচালনা করেছেন বাপ্পা মজুমদার নিজেই। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আহাদ অন্তর। এর আগে নিজের ফেসবুকে গানটি প্রকাশের আগাম ঘোষণা দিয়ে বাপ্পা লিখেছিলেন, ‘নতুন গান আসছে, আজ রাত ৯টায়!’
বর্তমানে নিয়মিত মৌলিক গান প্রকাশ এবং দেশ-বিদেশের স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই গুণী শিল্পী। সম্প্রতি রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘মুনলাইট মেলোডিজ’ শিরোনামের একটি একক কনসার্টে সুরের মূর্ছনা ছড়িয়ে দর্শকদের মুগ্ধ করেন তিনি।
উল্লেখ্য, এর আগে গত আগস্টে প্রকাশ পেয়েছিল বাপ্পা মজুমদারের কথা, সুর ও কণ্ঠে মৌলিক গান ‘গলে যাওয়া সময়’। গানটি নিয়ে বাপ্পা বলেছিলেন, “সম্প্রতি বেশ কয়েকটি গান লিখলাম। সময় নিয়ে একটি গান লিখেছি, নাম দিয়েছি ‘গলে যাওয়া সময়’। অনেকের লেখা গান তো করা হয়, তবে নিজস্ব কিছু ভাবনা থেকে নিজের মতো প্রকাশের তাগিদে গানগুলো লেখা।”