হোম > বিনোদন

মায়ের জন্মদিনের খোঁজে অপূর্ব

বিনোদন রিপোর্টার

মায়ের প্রতি সন্তানের ভালোবাসা, দায়িত্ববোধ ও আবেগের গল্পে নির্মিত ঈদে মুক্তি পাওয়া ‘ঘ্রাণ’ নাটকটি নিয়ে বেশ আলোচনা চলছে। দুই সপ্তাহে ইউটিউব থেকে ৭১ লাখের বেশি দর্শক দেখেছেন। অপূর্ব ও নাজনীন নিহাকে নিয়ে নাটকটি নির্মাণ করেছেন মাশরিকুল আলম। গল্পটি লিখেছেন ইমদাদ বাবু।

শুরুটা মিরপুর বেনারসি পল্লিতে। একটি শাড়ি কিনতে গিয়ে দ্বিধায় পড়ে যান অপূর্ব। শাড়ি কেমন হবে—তা বুঝে উঠতে পারে না। তখন রোজী সিদ্দিকীর সহায়তায় গল্প ঢুকে পড়ে ফ্ল্যাশব্যাকে।

প্রেমিকা নিহার খালার জন্মদিনে গিয়ে অপূর্বর মনে পড়ে, তার নিজের মায়ের জন্মদিন কখন বা কবে—তা সে জানেই না। মনে হয়, মায়ের জন্মদিনটা আয়োজন করে উদযাপন করা উচিত। কিন্তু এটাই তো সবচেয়ে কঠিন প্রশ্ন—কবে তার মায়ের জন্মদিন। সে আমলের অনেক মানুষই তো জন্মতারিখ লিখে রাখতেন না। সেই ‘না-জানা’র মধ্য থেকেই শুরু হয় এক সন্তানের খোঁজ, মায়ের জন্মদিনের খোঁজ।

নাটকটির নির্মাতা মাসরিকুল আলম বলেন, “ইমদাদ ভাইয়ের ছোট একটা গল্প ছিল ‘ঘ্রাণ’। আমি পড়েই মুগ্ধ। কারণ, আমিও আমার মায়ের জন্মদিন জানি না। তখনই সিদ্ধান্ত নিই এটা নাটকে রূপ দেব। ইমদাদ ভাইকে বলেই দিই—এ গল্পটা করতে চাই।”

নাটকের প্রধান অভিনেতা জিয়াউল হক অপূর্ব বলেন, ‘স্ক্রিপ্ট পড়েই মনে হয়েছে এ নাটকটি দেখে যাদের মা নেই, তারা তো কাঁদবেই, যাদের মা আছেন—তারাও কাঁদবে।’ নাজনীন নাহার নিহা বলেন, “গল্পটা এতটাই স্নিগ্ধ আর আবেগভরা ছিল যে, একবারেই ‘হ্যাঁ’ বলে দিয়েছি। এমন কাজ আজকাল খুব একটা হয় না।’’

নাটকে অপূর্বর মায়ের চরিত্রে অভিনয় করেছেন গুণী অভিনেত্রী শেলী আহসান। তিনি বলেন, “এ চরিত্রে অভিনয় করতে গিয়ে আমি বারবার কেঁদে ফেলেছি। এমন একটা ছেলে যদি প্রতিটি মায়ের জীবনে থাকত, তাহলে পৃথিবীটা আরো সুন্দর হতো। ‘ঘ্রাণ’ শুধু একটি নাটক নয়, এটি যেন একজন মায়ের মলিন হয়ে যাওয়া স্মৃতির দিকে সন্তানের ফিরে তাকানো। আমি গর্বিত যে, এমন একটি মায়ের চরিত্রে অভিনয় করতে পেরেছি।” নাটকে আরো অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, দিলারা জামান ও বড়দা মিঠু।

নির্মাতা জানান, এটি নিহার সঙ্গে তার প্রথম কাজ, যদিও রিলিজ হিসেবে দ্বিতীয়। নির্মাতা মাসরিকুল আরো বলেন, “প্রশংসা পেতে কার না ভালো লাগে! ‘ঘ্রাণ’ রিলিজের পর থেকে দর্শক-সহকর্মীদের কাছ থেকে যে ভালোবাসা পাচ্ছি, তা ভবিষ্যতের কাজের জন্য এক বড় প্রেরণা হয়ে থাকবে।”

দর্শকদের প্রতিক্রিয়াও তা-ই বলছে। কেউ মন্তব্য করছেন, ‘এই অবহেলিত যুগে এসে এমন নাটক আরো নির্মাণ করা উচিত, যাতে সমাজে পরিবর্তন আসে।’ আরো একজন লিখেছেন, ‘মা জীবিত, তবুও তার অস্তিত্বহীনতার কল্পনা চোখ বেয়ে অশ্রু নামিয়ে আনছে।’

আরেক দর্শক বলেন, ‘পরিচালককে ধন্যবাদ, আকাশে যেমন চাঁদের মর্যাদা, এ নাটকেও তেমনভাবেই মায়ের মর্যাদা তুলে ধরেছেন। সব মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা।’ বলা ভালো, ১০ জুন ধূপছায়া এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়েছিল ‘ঘ্রাণ’। ২৬ জুনে এসে সেটি অতিক্রম করেছে ৭২ লাখ ভিউর ঘর। ট্রেন্ডিং তালিকায় রয়েছে ২০ নম্বরে।

দর্শকদের মন জয় করা পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ শেষ হচ্ছে কত পর্বে!

হাসপাতালে গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, দোয়া চেয়েছেন পরিবার

স্বর্ণের গিটার পেলেন রুনা লায়লা

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে চিত্রকর্ম প্রদর্শনী ‘ইঙ্কোগ্রাফি: অ্যা ক্রোম্যাটিক সাইলেন্স’

সুরের জাদুতে আজও অমর বারী সিদ্দিকি

ব্যবসায়িক সংকটে অনন্ত জলিল, দোয়া চাইলেন বর্ষা

৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের একক অ্যালবাম ‘বোকা’

ইতি টানছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

প্রকাশ পেলো তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’

পাকিস্তানের সিনেমা হল নিয়ে ভুল তথ্য, সমালোচনার মুখে শাকিব খান