সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশব্যাপী চলছে বছরব্যাপী 'নজরুল বর্ষ' উদযাপন। নিয়মিত আয়োজনের অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা ‘নজরুলের লেটোগান ও কবিগান’।
আগামীকাল, ৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রাজধানীর সেগুনবাগিচাস্থ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এই অনুষ্ঠান শুরু হবে। দুটি পর্বে বিন্যস্ত আয়োজনের প্রথম পর্বে থাকছে আলোচনা অনুষ্ঠান।
আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা এবং স্বাগত বক্তব্য প্রদান করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।
সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে আয়োজনের দ্বিতীয় ও মূল সাংস্কৃতিক পর্ব। এই পর্বে দেশের বিশিষ্ট ও তরুণ শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হবে ঐতিহ্যবাহী লেটোগান ও কবিগান।
আয়োজকদের মতে, বাংলার লোকজ সংস্কৃতি ও জীবনবোধ থেকে অনুপ্রেরণা নিয়ে রচিত জাতীয় কবির লেটোগান ও কবিগান মূলত সাধারণ মানুষের আনন্দ-বেদনার জীবন্ত দলিল। ঐতিহ্যবাহী এই শিল্পধারা দুটি উপভোগের জন্য সন্ধ্যাটি সবার জন্য উন্মুক্ত থাকবে।