লজিস্টিক সংক্রান্ত জটিলতার কারণে ২০২৬ সালের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব স্থগিত করার ঘোষণা দিয়েছে সৌদি আরব। পূর্বপরিকল্পনা অনুযায়ী, আগামী ৩ থেকে ১২ ডিসেম্বর জেদ্দায় উৎসবটির ষষ্ঠ আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের চতুর্থ প্রান্তিকে এই আসর আয়োজন করা হবে।
সোমবার সামাজিক মাধ্যমে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রেড সি ফিল্ম ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, বিশ্বমানের এই বড় আয়োজনটি সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় লজিস্টিক ব্যবস্থাপনা এবং উৎসবের সময়সূচি গভীরভাবে পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দর্শক, চলচ্চিত্র নির্মাতা, অতিথি ও অংশগ্রহণকারীদের জন্য রেড সি উৎসব যে বিশেষ অভিজ্ঞতার জন্য পরিচিত, তার সর্বোচ্চ মান ধরে রাখতেই উপযুক্ত সময় ও পরিবেশ নিশ্চিত করতে চায় কর্তৃপক্ষ।
সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য ও লোহিত সাগর সংলগ্ন অঞ্চলের নিরাপত্তা উদ্বেগ নিয়ে নানা চর্চা থাকলেও, উৎসব স্থগিতের পেছনে নিরাপত্তা পরিস্থিতির কোনো প্রভাব রয়েছে কি না—সে বিষয়ে বিবৃতিতে কিছু উল্লেখ করা হয়নি।
তবে মূল উৎসব স্থগিত হলেও রেড সি ফিল্ম ফাউন্ডেশনের বছরব্যাপী অন্যান্য সব কার্যক্রম যথারীতি চালু থাকবে। সংস্থাটি স্পষ্ট করেছে যে রেড সি ফান্ড, রেড সি ল্যাবসসহ বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ আগের মতোই সচল থাকবে। এ ছাড়া ২০২৬ সালের নভেম্বর থেকে জেদ্দার ঐতিহাসিক কালচার স্কয়ারে বছরজুড়ে নানামুখী সাংস্কৃতিক ও চলচ্চিত্রভিত্তিক আয়োজন শুরুর পরিকল্পনা রয়েছে।
নির্মাতা, অংশীদার ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফাউন্ডেশনটি জানিয়েছে, ২০২৭ সালে আরও বড় পরিসরে উৎসবটি আয়োজনের প্রস্তুতি এখন থেকেই শুরু করা হচ্ছে।
উল্লেখ্য, ২০১৯ সালে এই উৎসবের উদ্যোগ নেওয়া হয় এবং প্রথম আসর বসে ২০২০ সালে। সৌদি আরবে ৩৫ বছরের দীর্ঘ নিষেধাজ্ঞা শেষে বাণিজ্যিক সিনেমা হল পুনরায় চালু হওয়ার দুই বছর পর আন্তর্জাতিক এই উৎসবের যাত্রা শুরু হয়েছিল। প্রতিষ্ঠালগ্ন থেকেই মধ্যপ্রাচ্য তথা বিশ্ব চলচ্চিত্র শিল্পে নিজেদের অবস্থান শক্ত করতে রেড সি চলচ্চিত্র উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।