যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধ, সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং সৃজনশীল মেধা বিকাশের লক্ষ্যে কেবল প্রেম ও রোমান্সনির্ভর সিনেমা এবং নাটক নির্মাণ ও সম্প্রচার বন্ধের দাবিতে সরকারকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ নোটিশ পাঠান। মন্ত্রিপরিষদ সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, সংস্কৃতিবিষয়ক সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যানকে নোটিশের প্রাপক করা হয়েছে।
আইনি নোটিশে উল্লেখ করা হয়, বর্তমানে বাংলাদেশের চলচ্চিত্র ও নাটকে মাত্রাতিরিক্ত রোমান্টিক ও প্রেমভিত্তিক বিষয়ের আধিক্য দেখা যাচ্ছে। এর ফলে সাংস্কৃতিক ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে এবং শিক্ষার্থীরা পড়াশোনা ও ক্যারিয়ার থেকে বিচ্যুত হচ্ছে। পাশাপাশি এসব নাটকে পরকীয়া ও বিবাহবহির্ভূত সম্পর্ককে স্বাভাবিকভাবে উপস্থাপন করায় পারিবারিক ও সামাজিক নৈতিক কাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ধরনের অনৈতিক কনটেন্টের সঙ্গে পরকীয়া ও ধর্ষণের মতো অপরাধের সরাসরি সম্পর্ক রয়েছে বলে নোটিশে দাবি করা হয়।
সংবিধানের ২১(১), ৩৯ এবং ২৩ অনুচ্ছেদের কথা উল্লেখ করে নোটিশে বলা হয়, শালীনতা ও নৈতিকতার স্বার্থে বাকস্বাধীনতায় যুক্তিসংগত বিধিনিষেধ আরোপ এবং জাতীয় সংস্কৃতি রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব।
নোটিশে উপস্থাপিত মূল দাবিগুলো হলো: প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচারে অবিলম্বে কড়াকড়ি আরোপ করতে হবে। তরুণ সমাজকে নৈতিকভাবে গড়ে তুলতে বিজ্ঞান, শিক্ষা, ইতিহাস, মুক্তিযুদ্ধ ও প্রতিরক্ষাভিত্তিক নাটক-চলচ্চিত্র নির্মাণ বাধ্যতামূলক করতে হবে।
নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ না করা হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন দায়ের করা হবে বলে জানান আইনজীবী।