জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, চেতনা ও মুক্তির আকাঙ্ক্ষাকে শিল্পের মাধ্যমে তুলে ধরতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হয়েছে ‘ক্যানভাস ২৪: মুক্তির মহাকাব্য’ আর্ট ক্যাম্প প্রদর্শনী। ২৪ আগস্ট, সোমবার জাতীয় চিত্রশালা প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর জনাব নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন শিল্পী ও অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ।
আর্ট ক্যাম্পের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের লড়াই, বেদনা ও উদ্দীপনাকে ক্যানভাসে ধারণ করার এই প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়। শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদের (রেজাউদ্দিন স্টালিন) সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চারুকলা বিভাগের পরিচালক জনাব আব্দুল হালিম চঞ্চল।
গত ১৫ থেকে ১৭ জুলাই ২০২৬ অনুষ্ঠিত তিন দিনব্যাপী আর্ট ক্যাম্পের মাধ্যমে সৃষ্ট শিল্পকর্মগুলো নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। অধ্যাপক রেজা আসাদ আল হুদা অনুপম ও আব্দুল হালিম চঞ্চলের কিউরেট করা এই প্রদর্শনীতে ৫৬ জন প্রথিতযশা ও তরুণ শিল্পীর চিত্রকর্ম স্থান পেয়েছে।
জাতীয় চিত্রশালার গ্যালারি-২-এ আয়োজিত এই প্রদর্শনী চলবে আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা এবং শুক্র ও শনিবার দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।