অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা আয়োজন করেছে প্যারিস-ভিত্তিক ‘এতোয়াল দ্য লা স্কাম’ পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা, নির্দেশক ও কবি আমীরুল আরহামের সৃষ্টিকর্মকে কেন্দ্র করে তিনদিনব্যাপী এক বিশেষ চলচ্চিত্র উৎসব ‘আমীরুল আরহাম ডকুমেন্টারি ফিল্ম রেট্রোস্পেকটিভ’।
আমীরুল আরহাম ফ্রান্সের অন্যতম খ্যাতনামা সম্মান ‘এতোয়াল দ্য লা স্কাম’ পুরস্কার পেয়েছেন, যা এসসিএএম কর্তৃক প্রামাণ্যচিত্র ও অডিওভিজ্যুয়াল শৈল্পিক উৎকর্ষের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়। এই রেট্রোস্পেকটিভ অনুষ্ঠিত হবে আগামীকাল, বৃহস্পতিবার, ৯ এপ্রিল থেকে শনিবার, ১১ এপ্রিল ২০২৬ পর্যন্ত, অডিটোরিয়াম ন্যুভেল ভগ, অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা, ধানমন্ডিতে।
এই আয়োজনে প্রদর্শিত হবে আরহামের ছয়টি উল্লেখযোগ্য চলচ্চিত্র, যা বাংলাদেশসহ বৈশ্বিক প্রেক্ষাপটে নির্মিত—ভুলে যাওয়া ইতিহাস, সামাজিক বাস্তবতা এবং সমকালীন অভিজ্ঞতাকে ডকুমেন্টারি ধারায় তুলে ধরে। প্রদর্শনীর উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে আন্তর্জাতিকভাবে প্রশংসিত ‘দ্য ডেভিলস ওয়াটার’, ‘জেনজি বাংলাদেশ’ এবং ‘জাফরউল্লাহ: এ পিপলস ডক্টর’।
আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘শান্তিনিকেতন- ইকোস অফ টাইম’ (২০২৬), চলচ্চিত্রটির বিশ্ব প্রিমিয়ার, যেখানে দর্শকরা প্রথমবারের মতো আরহামের সর্বশেষ নির্মাণ উপভোগ করার সুযোগ পাবেন।
প্রতিদিনের প্রদর্শনী শেষে সন্ধ্যা ৬:৩০টায় অনুষ্ঠিত হবে একটি ইন্টারঅ্যাকটিভ প্রশ্নোত্তর পর্ব, যেখানে দর্শকরা নির্মাতার সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাবেন এবং তাঁর সৃষ্টিশীল ভাবনা সম্পর্কে জানতে পারবেন।