হোম > বিনোদন

এবার কান মাতাবে রাজীবের ‘আলী’

বিনোদন রিপোর্টার

৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘আলী’। আদনান আল রাজীব পরিচালিত ১৫ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটি লড়বে স্বল্পদৈর্ঘ্য বিভাগে।

সম্প্রতি চলতি বছরের উৎসবে স্বল্পদৈর্ঘ্য বিভাগে মনোনীত সিনেমার তালিকা প্রকাশ করে কান উৎসব কর্তৃপক্ষ। আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য সিনেমাটির প্রযোজনা করেছেন বাংলাদেশের তানভীর হোসেন ও ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন। কানের মূল প্রতিযোগিতার স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে দেশের কোনো সিনেমার তালিকাবদ্ধ হওয়া এটাই প্রথম। পৃথিবীর বিভিন্ন সিনেমার সঙ্গে আলী লড়বে পাম দি’অর বা স্বর্ণপামের জন্য।

এমন একটি ঘটনা দেশের চলচ্চিত্রসংশ্লিষ্টদের তো আনন্দিত করবে, তরুণদের অনেক বেশি অনুপ্রাণিত করবে বলে মনে করেন প্রযোজক তানভীর হোসেন। তিনি বলেন, ‘‌স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকে তো আমরা খুব একটা গুরুত্ব দিই না। কিন্তু এ ধরনের কাজের মধ্য দিয়েই একজন তরুণ-নবীন বড়-অভিজ্ঞ হয়ে ওঠে। আমাদের সিনেমা কানের মূল প্রতিযোগিতায় জায়গা করে নেওয়াটা একটা ইন্সপায়ারিং ঘটনা বলেই মনে করি। এ জায়গা করে নেওয়ার মাধ্যমে আমরা বলতে চাই আমরাও বিশ্বমানের কাজ করি।’

নিয়মের কারণে আলী সিনেমাটি নিয়ে বেশি কিছু বলতে পারলেন না নির্মাতা আদনান আল রাজীব। জানালেন, ২০২৪-এর নভেম্বরে সিলেটে হয়েছে এর দৃশ্যধারণ। গল্পের সামান্য ধারণা দিয়ে আদনান বলেন, ‘‌ব্যক্তিজীবনের ভেতর দিয়ে আমরা একটা অনিবার্য সত্যকে আবিষ্কার করার চেষ্টা করেছি। সহজ-সরল-সুন্দর ঢঙেই কাজটি করার চেষ্টা ছিল আমাদের।’

স্বল্পদৈর্ঘ্য সিনেমার নির্বাহী প্রযোজক হাবিবুর রহমান তারেক জানান, গল্প নিয়ে তিনি একরকম নিশ্চিতই ছিলেন যে বাইরের দর্শক এটা পছন্দ করবে। তিনি বলেন, ‘‌পরিচালক ও প্রযোজককে আমি ব্যক্তিগতভাবে চিনি। তারা কী ধরনের কাজ করেন, সেটাও আমার জানা। তাই কাজটি নিয়ে আত্মবিশ্বাসী ছিলাম শুরু থেকেই। বরং আমি বিশেষ নজর রেখেছিলাম এর মান নিয়ে। আমি দৃঢ়ভাবে বলতে চাই, আমরা আন্তর্জাতিক মানের কাজ করার সক্ষমতা অর্জন করে ফেলেছি। নির্মাণে আমরা এখন খুবই আত্মবিশ্বাসী।’

নির্মাতা আদনান ও প্রযোজক তানভীরের এবারের কানযাত্রা এখানেই শেষ নয়। আলী সিনেমাটির মূল প্রডাকশন কোম্পানি ‘‌ক্যাটালগ’। ক্যাটালগ মূলত আদনান আল রাজীব, তানভীর হোসেন, ক্রিস্টিন ডি লিওন ও আরভিন বেলারমিনোর নির্মাণ প্রতিষ্ঠান। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার চলচ্চিত্র নির্মাণে সংযোগ স্থাপনের উদ্দেশ্যে তৈরি হয়েছিল ক্যাটালগ। এরই অংশ হিসেবে বাংলাদেশ থেকে আদনানের পরিচালনায় আলী এবং ফিলিপাইন থেকে আরভিন ও কাইলার যৌথ পরিচালনায় ‘‌আগাপিতো’ নির্মাণ হয়েছিল। যার সহ-প্রযোজক হিসেবে আছেন আদনান আল রাজীব ও তানভীর হোসেন। দুটি চলচ্চিত্রই জায়গা করে নিয়েছে কানের মূল প্রতিযোগিতায়। লড়বে পাম দি’অরের জন্য।

একই প্রতিষ্ঠান থেকে প্রযোজিত দুটি ছবির এ অর্জন বিরল। সব মিলিয়ে কানের ৭৮তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের শর্টফিল্ম আলী ও ফিলিপাইনের শর্টফিল্ম আগাপিতো নিয়ে জমজমাট বাংলাদেশের অংশগ্রহণ।

সম্মাননা পাচ্ছেন কনকচাঁপা ও কাঙালিনী সুফিয়া

লাক্স সুপারস্টার বিজয়ীরা কে কী পেলেন

প্রেক্ষাগৃহকে মার্কেটের সাথে বন্ধ না করার দাবি প্রযোজক-নির্মাতাদের

চালু হচ্ছে নতুন স্টার সিনেপ্লেক্স

আসছে ঈদে দীঘির ‘বিদায়’

আবার ইউরোপের পথে ‘দেলুপি’

জেফার-প্রীতমের ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’

সন্ধ্যা ৬টার পর সিনেমার সব শো বন্ধ ঘোষণা

ওটিটিতে মান্নার সিনেমা ‘হৃদয় থেকে পাওয়া’

শাকিব খানের ‘প্রিন্স’ নষ্ট হওয়ার কারণ জানালেন সুমন