আন্তর্জাতিকভাবে প্রশংসিত যুদ্ধবিরোধী গবেষণাগার নাটক ‘ত্রিংশ শতাব্দী’-র ১৩০তম প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল ৯ সেপ্টেম্বর, বুধবার। সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাট্যদল ‘স্বপ্নদল’-এর এই দর্শকনন্দিত প্রযোজনাটি। ভারতীয় নাট্যকার বাদল সরকারের মূল রচনা অবলম্বনে নাটকটির রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
যুগ যুগ ধরে চলে আসা মানবসৃষ্ট যুদ্ধোন্মাদনা ও সহিংসতার বিরুদ্ধে এক শৈল্পিক প্রতিবাদ ‘ত্রিংশ শতাব্দী’। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে আণবিক বোমা হামলার হৃদয়বিদারক পরিণতিকে কেন্দ্র করে নাটকের মূল কাহিনী আবর্তিত হয়েছে। এর পাশাপাশি বাংলাদেশের মুক্তিযুদ্ধ, আফগানিস্তান, ইরাক, সিরিয়া, রাশিয়া-ইউক্রেন কিংবা সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাতসহ বিশ্বজুড়ে ঘটা নানাবিধ যুদ্ধ ও অমানবিকতার বীভৎস চিত্র এতে ফুটিয়ে তোলা হয়েছে। হাজার বছরের প্রথাগত ‘বাঙলা নাট্যরীতি’ অনুসরণ করে দর্শকদের যুদ্ধবাজদের স্বরূপ চেনা এবং শান্তির পক্ষে নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়েছে এই নাটকে।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন জুয়েনা শবনম, ফজলে রাব্বি সুকর্ন, শিশির সিকদার, সামাদ ভূঞা, শাখাওয়াত শ্যামল, জেবুন নেসা, জাহিদ রিপনসহ আরও অনেকে।
উল্লেখ্য, প্রযোজনাটি ইতিপূর্বে জাপানের ‘ফেস্টিভ্যাল টোকিও ২০১৮’, লন্ডনের ‘এ সিজন অব বাঙলা ড্রামা ২০১৫’ এবং ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামার (এনএসডি) ‘ভারত রঙ্গ মহোৎসব’-এ প্রদর্শিত হয়ে আন্তর্জাতিক প্রশংসা কুড়িয়েছে। নিয়মিত এ ধরনের যুদ্ধবিরোধী ও শান্তিপ্রিয় সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার স্বীকৃতিস্বরূপ ২০১৯ সালে জাপান সরকার স্বপ্নদলকে মর্যাদাপূর্ণ ‘জাপান ফরেন মিনিস্টারস্ কমেন্ডেশন’ সম্মাননায় ভূষিত করে।