নেপালে চলছে কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৫-এর শুটিং। এই শুটিংয়ে কয়েক দিন ধরে কাবিলা, হাবু, পাশা, নেহাল, আরেফিনসহ বিভিন্ন চরিত্রের শিল্পীরা অংশ নিচ্ছেন। তাদের সঙ্গে নেপালি অভিনেত্রী রাজেশ্রী থাপাও যুক্ত হয়েছেন। চ্যাপ্টার ১২-তে এসব দৃশ্য তুলে ধরা হবে।
নির্মাণের পাশাপাশি এবার অমি প্রযোজনার দায়িত্বও পালন করছেন। আগে শুটিংয়ের পরিকল্পনা থাকলেও নানা কারণে তা বাস্তবায়িত হয়নি। নেপাল থেকে অমি বলেন, ‘এবার যেহেতু প্রযোজনা করছি, শুধু কনটেন্টের ব্যবসার কথা ভাবছি না। আমি নিজেই লিখি, অনেক কিছু কল্পনা করি—সেই গল্পগুলোই বাস্তবে তুলে ধরার চেষ্টা করছি।’
তিনি আরো বলেন, ‘আগে ভেবেছিলাম ওরা সবাই নেপালে এলে কী কী করবে। খরচের কথা না ভেবে আবেগের জায়গা থেকে সবাইকে নিয়ে ১০ দিনের জন্য নেপালে শুটিং করছি। এর আগে র্যাকি করেছি। প্রতিটি দৃশ্য উপভোগ করে শুটিং করছি।’
অমি জানান, আসন্ন চ্যাপ্টার ১২ দর্শকদের কাছে আন্তর্জাতিক মানের ওয়েব সিরিজের অভিজ্ঞতা দেওয়ার মতো করে নির্মাণের চেষ্টা চলছে। ব্যাচেলর পয়েন্টের সদস্যরা কোন গল্পের পরিপ্রেক্ষিতে নেপালে গেলেন, সেটিও থাকছে চমক হিসেবে।
তিনি আরো বলেন, ‘ভবিষ্যতে হয়তো আরো অন্য জায়গাতেও শুটিং হতে পারে। যারা শুটিং করছেন, তারা সবাই ব্যাচেলর পয়েন্টের অরিজিনাল গ্যাং। তাদের একসঙ্গে ফ্রেমে দেখলে আমি নস্টালজিক হয়ে যাই। দর্শকরাও তাদের দেখে আবেগঘনভাবে যুক্ত হন।’
‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৫ প্রচারিত হচ্ছে চ্যানেল আইটিভি, বুম ফিল্ম ও বঙ্গ—এই তিন প্ল্যাটফর্মে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, তৌসিফ মাহবুব, পাভেলসহ অনেকে। নতুন করে ফিরে এসেছেন শামীম হাসান সরকার। আরো আছেন মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, ইশতিয়াক রোমেল, স্পর্শিয়া, জায়েফ প্রমুখ।