পরিবার, সন্তান ও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ‘ভুল ও ভিত্তিহীন’ খবর প্রকাশ করার প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন সংগীতশিল্পী সালমা।
স্ট্যাটাসে সালমা জানান, আমি সালমা। খুব সাধারণ একটি মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা মানুষ। আপনাদের সকলের দোয়ায় গানের জগতে আমি একটি ছোট্ট স্থান করে নিতে পেরেছি। এরপর জীবনের এক সময়ে বিয়ে, সংসার— সবকিছুর মধ্যেও একজন সংগীতশিল্পী হিসেবে নিজের পরিচয়কেই আমি বেশি গুরুত্ব দিয়েছি। কারণ গানের মধ্যেই আমি খুঁজে পাই আমার ফেলে আসা দিনগুলো, আমার কষ্ট, আমার সংগ্রামের গল্প।
ব্যক্তিগত জীবনের প্রসঙ্গে এই শিল্পী বলেন, সময়ের সঙ্গে অনেক কিছু বদলে গেছে। কিছু সম্পর্ক পরিবর্তিত হয়েছে, অনেক কথা হয়েছে, অনেক সময় পেরিয়ে গেছে। আমরা যে যার জায়গায় থেকেও ভালো ছিলাম, ভালো আছি— এই বিশ্বাসই ধরে রেখেছি।
সন্তানের প্রসঙ্গে টেনে সালমা বলেন, রাজনৈতিক পরিস্থিতির কারণে স্নেহার বাবার অবস্থানের পরিবর্তনের পর, স্নেহা বাস্তবে মা-বাবা বেঁচে থেকেও অনেকটা এতিমের মতো জীবন যাপন করছিল। একজন মা হিসেবে বিষয়টি আমি মেনে নিতে পারিনি। তাই স্নেহার বাবার সঙ্গে কথা বলে তাকে আমার কাছে নিয়ে আসি।
স্ট্যাটাসে সাবেক স্বামী শিবলী সাদিকের প্রসঙ্গ টেনে সালমা বলেন, দেশের মানুষের কাছে পরিচিত এই রাজনৈতিক ব্যক্তিত্ব সবসময়ই অসহায় মানুষের পাশে থেকেছেন। ব্যক্তিগত জীবনে নানা শূন্যতার মধ্য দিয়ে বড় হলেও তিনি মানুষের কল্যাণেই কাজ করে গেছেন বলে উল্লেখ করেন এই শিল্পী।
সম্প্রতি একটি পত্রিকায় স্নেহাকে নিয়ে ‘ভুল ও ভিত্তিহীন’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করেন সালমা। এ ধরনের সংবাদ প্রকাশকে দুঃখজনক আখ্যা দিয়ে তিনি বলেন, দুঃসময়ে কাউকে নিয়ে কিছু লেখার আগে আরও দায়িত্বশীল হওয়া উচিত।
তিনি আরও বলেন, একসময় যে সম্পর্কগুলো মানুষের গর্বের বিষয় ছিল, এখন সেগুলোই ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। এ ধরনের আচরণের নিন্দা জানান এই সংগীতশিল্পী।
সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে তাদের বাবাকে নিয়ে ‘উল্টাপাল্টা লেখা’ বন্ধ করার আহ্বান জানান সালমা। তার ভাষায়, বাবার পরিচয় সন্তানের বড় পরিচয়। এসব ভুল খবর সবচেয়ে বেশি কষ্ট দেয় আমার সন্তানদের।
সবশেষে দেশের সবার মঙ্গল কামনা করে সালমা বলেন, তিনি ও তার পরিবার ভালো আছেন এবং সকলের কাছে দোয়া চান। পাশাপাশি গণমাধ্যমকে ভালো গানের কাজ ও ইতিবাচক বিষয়গুলো তুলে ধরার আহ্বানও জানান এই জনপ্রিয় শিল্পী।