সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ফটোপোস্টকে কেন্দ্র করে সম্প্রতি সমালোচনার মুখে পড়েছেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। এক বছর আগের একটি বক্তব্যে তিনি বলেছিলেন, ‘যতটুকু পাপ কামাইছি সব ধুয়ে মুছে সুন্দরভাবে মরতে চাই। আর যে কয়দিন বাঁচবো আল্লাহ খোদার নাম করে যাবো’—সামাজিক মাধ্যমে যা প্রকাশ পাওয়ার পর শুরু হয় সমালোচনা। এ নিয়ে অবশেষে নিজের অবস্থান পরিষ্কার করেছেন নন্দিত এই অভিনেত্রী।
পপি স্পষ্ট করে জানান, তিনি কখনোই চলচ্চিত্রে অভিনয় করাকে ‘পাপ’ বলেননি। মানুষ মাত্রই জেনে-না জেনে ভুল বা পাপ করতে পারে এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া একটি স্বাভাবিক বিষয়।
সিনেমা ইন্ডাস্ট্রি এবং নিজের অভিনয় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি কিন্তু আমার ব্যক্তব্যে একটি বারের জন্যও বলিনি যে আমি চলচ্চিত্রে অভিনয় করে পাপ করেছি। মানুষ কী তার নিজের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান না? আমরা তো জেনে না জেনে অনেক পাপ করি, সেসব পাপের জন্য কী আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যাবেনা? তো আমি আমার পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যদি আমার স্বামী সংসার নিয়ে সুখে শান্তিতে ভালো থাকতে পারি সেটাতো অন্যায়ের কিছু নয়। আমিতো একটি বারের জন্য বলিনি যে আমি সিনেমাতে অভিনয় করে পাপ করেছি। যে সিনেমা আমাকে এতো যশ এতো খ্যাতি এতো সম্মান এনে দিয়েছে, যে সিনেমা থেকে আমি অনেক কষ্ট করে টাকা রোজগার করেছি, যে সিনেমার কারণে আজও দর্শক আমাকে এতো ভালোবাসেন সেই সিনেমা কিংবা সিনেমা শিল্পকে নিয়ে আমি খারাপ কিছু বলবো নেগেটিভ মন্তব্য করবো-প্রশ্নই আসেনা। আমি আমার চলচ্চিত্রকে এখনো অনেক ভালোবাসি, শ্রদ্ধা করি।’
পপি আরো বলেন, ‘জীবনের প্রয়োজনে আমি আজ হয়তো দূরে আছি, কিন্তু ফেলে আসা দিনগুলো আমি ভীষণ মিস করি। বিয়ের পর একটি মেয়েকে তার স্বামীর কথা মতো চলতে হয়। আমার স্বামী আদনান আমাকে ভীষণভাবে আগলে রাখে, আমার একমাত্র ছেলে আয়াতকে নিয়েই আমার সময় কেটে যায়। আমার সুখের সংসার। আপনাদের সবার দোয়াতেই আমার এই সুখের সংসার। আর চলচ্চিত্রে অভিনয় করার সময়টাতে আমি দিনের পর দিন রোদে পুরে গরমে, বৃষ্টি বাদলে অনেক কষ্ট করে শুটিং করে টাকা রোজগার করেছি। অনেক কষ্টের পরে হালার রোজগার করেছি। নিজের পরিবারকে লালন পালন করেছি, তো যে চলচ্চিত্র থেকে আমার এতোকিছু সেই চলচ্চিত্রকে কোনোদিনই অসম্মান করে কিংবা অভিনয় পেশাকে অসম্মান করে আমি কিছু বলবো না।’
অভিনয় করা প্রসঙ্গে তিনি বলেন, ‘অভিনয়ে অবসর আমি নেইনি। যদি কোনোদিন কোনো গল্প ভালো লাগে হয়তো আমি অভিনয় করতেও পারি, আবার হয়তো আর অভিনয়ে নাও ফেরা হতে পারে। তবে সিনেমা প্রয়োজনায় আসার ইচ্ছে আছে। ইচ্ছে আছে নিজের বায়োগ্রাফিতে অভিনয় করার। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।’
পপি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিলো ‘ডাইরেক্ট অ্যাকশান’। কয়েকটি সিনেমার কাজ শেষ হবার কথা থাকলেও শেষ পর্যন্ত পপি আর অভিনয় করেননি।