হোম > বিনোদন > তারকা সংবাদ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন না একজন তারকাও

বিনোদন রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন সংগ্রহ করেছিলেন শোবিজ অঙ্গনের একাধিক পরিচিত মুখ। এদের মধ্যে ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা, বেবী নাজনীন, রিজিয়া পারভীন, দিলরুবা খান, দিঠি আনোয়ার, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী, অভিনেত্রী রিনা খান, ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ও মেঘনা আলম।

তবে শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় স্থান পাননি কেউ। সোমবার, ২০ এপ্রিল, দলের পক্ষ থেকে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। তালিকা প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তবে বাংলা গানের ব্ল্যাক ডায়মন্ড’খ্যাত গায়িকা বেবী নাজনীন মনোনয়ন না পাওয়ায় শোবিজে হতাশা প্রকাশ করছেন অনেকেই। দীর্ঘদিন ধরেই বিএনপির রাজনীতিতে সক্রিয় বেবী নাজনীন। ছিলেন প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ঘনিষ্ঠজন। রাজনৈতিক কারণে আওয়ামী লীগ শাসনামলে দেশে ফিরতে পারেননি তিনি। তার মতো ত্যাগী শিল্পীকে মূল্যায়ন করা বিএনপির জন্যই মঙ্গল হতো বলে অভিমত অনেকের।

বেবী নাজনীন ছাড়াও মনোনয়ন প্রক্রিয়ায় আলোচনায় ছিলেন কণ্ঠশিল্পী কনক চাঁপা, গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে দিঠি আনোয়ার ও ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

দলীয় সিদ্ধান্তকে মেনে নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দেশ ও মানুষের জন্য কাজ করার প্রত্যয় জানিয়েছেন কণ্ঠশিল্পী কনকচাঁপা ও অভিনেত্রী চমক।

কনকচাঁপা বলেন, ‘আপনারা যেভাবে আমার সাথে ছিলেন আশাকরি সেভাবেই থাকবেন। আমি নিতান্তই সাদামাটা মানুষ। দল হয়তো ভেবেছে আমি ভাতের মাড় টাইপ মানুষ। কিন্তু আমি জানি এই দেশ আমার, গান ছাড়াও এ দেশকে দেওয়ার অনেক কিছু বাকি আছে। ইনশাল্লাহ আমি আছি দেশের হয়ে, দশের হয়ে। আর কিছু যদি নাও পারি মরে গিয়ে মাটিতে মিশে মাটি উর্বর করতে পারবো নিশ্চয়ই।’

চমক বলেন, ‘আমার মূল লক্ষ্য দেশ ও দশের সেবা করা। আমি কুষ্টিয়ার মানুষের জন্য কাজ করতে চাই এবং আমাদের হাজার বছরের বাঙালি সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে চাই।’

দলীয় সূত্রে জানা গেছে, অভ্যন্তরীণ মূল্যায়ন ও রাজনৈতিক সক্রিয়তাকে ভিত্তি করেই প্রার্থী নির্বাচন করা হয়েছে। যাচাই-বাছাই শেষে শেষ পর্যন্ত দলটি তাদের দীর্ঘদিনের ত্যাগী ও সক্রিয় নারী নেত্রীদেরই অগ্রাধিকার দেয়। ফলে শোবিজ অঙ্গনের কোনো তারকা চূড়ান্ত মনোনয়ন তালিকায় জায়গা পাননি।

এর আগে ১০ এপ্রিল বিএনপি সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে। তিনদিনের এই কার্যক্রমে প্রায় এক হাজার তিনশ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপা

মনোনয়ন না পেয়ে যে প্রতিক্রিয়া জানালেন চমক

পরিচালক রোজিনার নতুন সিনেমা ‘এখনই সময়’

‘চা গরম’-এ অন্য এক সাফা

‘চেষ্টা করেছি আমরা বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে’

পাগল হাসানের অপ্রকাশিত গান বাঁচানোর উদ্যোগ

রাজনীতিতে জুলাই কন্যা চমকের ‘চমক’

চা বাগানের শ্রমিকদের নিয়ে সাফা কবিরের উপলব্ধি

নিজ ক্যাম্পাসে মরণোত্তর সম্মাননা পেলেন হুমায়ুন ফরীদি

‘আমি বিএনপিকে সার্ভ করতে চাই’