সংগীতশিল্পী বশির আহমেদের জীবন ও কর্মকে স্মরণীয় করে রাখতে এবং প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে চালু হওয়া ‘বশির আহমেদ সম্মাননা ২০২৬’-এ আজীবন সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম উজ্জ্বল নক্ষত্র, জীবন্ত কিংবদন্তি নায়িকা শবনম।
প্রয়াত কিংবদন্তী সঙ্গীতশিল্পী বশির আহমেদের দুই সন্তান হোমায়রা বশির ও রাজা বশিরের উদ্যোগে এবং ‘সারগাম সাউন্ড সিস্টেম’র আয়োজনে ২০১৯ সাল থেকে এই সম্মাননা প্রদান করা হয়ে আসছে। মাঝে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও নানা আনুষঙ্গিক কারণে তিন বছর বিরতি থাকলেও, এবার বশির আহমেদের জন্মদিন উপলক্ষে আগামী ১৮ নভেম্বর বিকেল চারটায় ঢাকার সেগুনবাগিচাস্থ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় জমকালো আয়োজনের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হবে। বিষয়টি আয়োজকদের পাশাপাশি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেত্রী শবনম নিজেও।
বশির আহমেদের সঙ্গে স্মৃতির রোমন্থন করে কিংবদন্তি এই অভিনেত্রী বলেন, ‘আমার অভিনীত বেশকিছু সিনেমাতে বশির ভাই গান গেয়েছেন, গানগুলো জনপ্রিয়তাও পেয়েছিলো। বশির ভাই ভীষণ গুণী একজন শিল্পী ছিলেন, একজন সুন্দর মনের মানুষ ছিলেন। পাকিস্তান ও বাংলাদেশ—দুই দেশেই তার সঙ্গে আমার বেশ কয়েকবার দেখা হয়েছে। একজন অভিনেত্রী হিসেবে তার কাছ থেকে আমি অনেক প্রশংসা পেয়েছি। সেইসব আজ শুধুই স্মৃতি। বশির ভাইয়েরই দুই সন্তান হোমায়রা ও রাজা কিছুদিন আগে আমার কাছে এসেছিলো, তারা তাদের বাবার সম্মানে চালু হওয়া সম্মাননা পদকে আমাকে ভূষিত করতে চায়। যদিও আমার শরীরটা এখন খুব খারাপ, জানি না আদৌ আমি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবো কি না। তবে আমার মন ভীষণ চাইছে অনুষ্ঠানটিতে আমি অংশগ্রহণ করি। বাকিটা আল্লাহ ভরসা। তবে আমি খুব খুশি যে, হোমায়রা ও রাজা আমাকে স্মরণে রেখেছে।’
আয়োজক হোমায়রা বশির ও রাজা বশির বলেন, ‘শ্রদ্ধেয় শবনম আন্টি আমাদের দেশের চলচ্চিত্রের অবিচ্ছেদ্য অংশ। আমাদের বাবাকে ছাড়া যেমন বাংলাদেশের গানের ইতিহাস রচনা অসম্ভব, ঠিক তেমনি শবনম আন্টিকে ছাড়াও বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস রচনা করা অসম্ভব। আমরা সত্যিই ভীষণ খুশি যে, শবনম আন্টির হাতে “বশির আহমেদ সম্মাননা”র আজীবন সম্মাননা তুলে দিতে পারছি।’
উল্লেখ্য, বশির আহমেদ তার সুর ও কণ্ঠের জাদুতে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। তার কণ্ঠে গাওয়া কালজয়ী গানগুলোর মধ্যে রয়েছে—‘অনেক সাধের ময়না আমার’, ‘আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো’, ‘ডেকো না আমারে তুমি’, ‘ওগো প্রতিমা’, ‘খুঁজে খুঁজে জনম গেল’, ‘যারে যাবি যদি যা’, এবং ‘সজনী গো ভালোবেসে এত জ্বালা কেন বলো না’ প্রভৃতি।