হোম > বিনোদন > চলচ্চিত্র

মরিচঝাঁপির রক্তক্ষয়ী ইতিহাস নিয়ে আসছে ‘ফেউ কমপ্লিট সাগা’

বিনোদন রিপোর্টার

দেশিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে নতুন রূপ নিয়ে ফিরছে প্রশংসিত ও আলোচিত সিরিজ ‘ফেউ’। পূর্ণাঙ্গ অবয়বে সিরিজটির নাম রাখা হয়েছে ‘ফেউ কমপ্লিট সাগা’। ঐতিহাসিক ও মর্মান্তিক মরিচঝাঁপি গণহত্যার প্রেক্ষাপটে তৈরি এই সিরিজে উঠে এসেছে স্থানীয় ও আন্তর্জাতিক রাজনীতি এবং দক্ষিণবঙ্গের মানুষের বীরত্বগাথা। ৯ পর্বের এই সিরিজটি আগামী ১১ নভেম্বর রাত ১২টায় (১২ নভেম্বর) চরকিতে মুক্তি পেতে যাচ্ছে। ৩ নভেম্বর প্রকাশ করা হয়েছে এর আকর্ষণীয় টিজার।

১৯৭৯ সালের পশ্চিমবঙ্গের মরিচঝাঁপিতে সংঘটিত উদ্বাস্তু উচ্ছেদের নির্মম ইতিহাস থেকে অনুপ্রেরণা নিয়ে এর কাল্পনিক গল্প লিখেছেন সুকর্ন সাহেদ ধীমান ও রোমেল রহমান। যৌথভাবে চিত্রনাট্য করেছেন সুকর্ন সাহেদ ধীমান ও সিদ্দিক আহমেদ। সুন্দরবনের দুর্গম ও বিপজ্জনক গহীনে চিত্রায়িত এই সিরিজে রহস্য মানব ‘মার্শাল’ এবং ড্যানিয়েল নামের এক তরুণের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে উন্মোচিত হবে ইতিহাস ও রাজনীতির নানা সমীকরণ।

প্রথম সিজনে সুনীলের বেঁচে থাকা কিংবা জলদস্যু সর্দার মার্শালের অধিকার আদায়ের সংগ্রামের যে রহস্য ঝুলন্ত ছিল, তার শেষ পরিণতি দেখা যাবে এই সিজনে। সিরিজটি নিয়ে নির্মাতা সুকর্ন সাহেদ ধীমান জানান, এটি কেবল মূল সিরিজের দ্বিতীয় সিজন নয়, বরং প্রথম সিজন ও নতুন অংশের সমন্বয়ে তৈরি এক পূর্ণাঙ্গ গল্প। তিনি বলেন, “ ‘ফেউ কমপ্লিট সাগা’-ই ফেউয়ের আসল গল্প। যারা প্রথম সিজন দেখেননি, তারাও এটি আলাদাভাবে দেখলে কোনো অসম্পূর্ণতা অনুভব করবেন না।”

সিরিজটির প্রধান আকর্ষণ হিসেবে চঞ্চল চৌধুরী (সুনীল) ও মোস্তাফিজুর নূর ইমরান (মার্শাল)-এর অভিনয় এবং তাদের চরিত্রের পরিণতি দেখার ব্যাকুলতা। নিজের চরিত্র প্রসঙ্গে মোস্তাফিজুর নূর ইমরান বলেন, “মার্শাল একজন প্রকৃত সংগ্রামীর প্রতিচ্ছবি। দর্শক পুরো গল্পটি দেখার পর মূল রোমাঞ্চটা উপভোগ করতে পারবেন।”

সিরিজটিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, তানভীর অপূর্ব, হোসাইন জীবন, তাহমিনা অথৈ, রিজভি রিজু, ফাদার জোয়া, বাবলু বোস, এ কে আজাদ সেতুসহ খুলনা, বাগেরহাট ও বটিয়াঘাটার শতাধিক স্থানীয় শিল্পী। ২০২৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রায় এক বছর ধরে সুন্দরবনের দুর্গম অঞ্চল চালনা, বটিয়াঘাটা, বাজুয়া, মোংলা, খুলনা ও সাতক্ষীরায় এর শুটিং সম্পন্ন হয়েছে।

চরকির সিইও রেদওয়ান রনি আশা প্রকাশ করে বলেন, দুর্গম লোকেশনে ইতিহাস, রাজনীতি ও বাবার খোঁজের টানটান উত্তেজনাপূর্ণ দৃশ্যায়ন দর্শকদের কাছে এক চমৎকার অভিজ্ঞতায় পরিণত হবে। উল্লেখ্য, ‘ফেউ’ শব্দটির অর্থ শেয়াল, যা গল্পের রাজনৈতিক আতঙ্ক ও নিরন্তর পিছু নেওয়ার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে।

পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

‘আন্ধার’-এর মুক্তির আগেই নতুন সিনেমায় চঞ্চল, তুষি ও সিয়াম

ছাড়পত্র পেল দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’

চেহারা বদলের ভয়ংকর গল্প নিয়ে স্টার সিনেপ্লেক্সে ‘ক্লেফেইস’

গাজীপুরে বন্ধ হচ্ছে ঐতিহ্যবাহী ‘উল্কা’ সিনেমা হল

মুক্তির ১০ বছর পর ওটিটিতে রাজ-তুষির প্রথম সিনেমা

রাশিয়ার মর্যাদাপূর্ণ উৎসবে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে সিনেমা ‘চিরকুট’, মুক্তি শুক্রবার

ঢাকায় মুক্তি পাচ্ছে বিশ্বখ্যাত ভিডিও গেমের সিনেমা ‘স্ট্রিট ফাইটার’

চলচ্চিত্রে দ্বিতীয় ইনিংসের প্রস্তুতি ফারুকীর, জানালেন নিজেকে নতুন করে আবিষ্কারের কথা