ঢালিউড তারকা শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ রাজধানী ঢাকাসহ সারা দেশের সিঙ্গেল স্ক্রিনে ও কয়েকটি মাল্টিপ্লেক্সে রমরমিয়ে চলছে। স্টার সিনেপ্লেক্সেও এর প্রদর্শনী হওয়ার কথা ছিল। কিন্তু ঈদের দিন এই অভিজাত মাল্টিপ্লেক্সে ছবিটির কোনো শো চলেনি। রোববার সারাদিন ছিল একই চিত্র।
জানা গেছে, নির্ধারিত সময়ে পরিবেশক ডিসিপি না দেওয়ায় এবং ডিসিপি সংক্রান্ত জটিলতার কারণেই দর্শকদের চাহিদা থাকা সত্ত্বেও স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ ছবিটি চালাতে পারেনি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ‘প্রিন্স’ মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে ১৩২টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে জানায় প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস। এ তালিকায় স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখাও ছিল। কিন্তু অভিজাত মাল্টিপ্লেক্সটির অফিসিয়াল ওয়েবসাইটে এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত ‘দম’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘রাক্ষস’ ও ‘প্রেশার কুকার’ ছবিগুলোর শো-টাইম প্রকাশ করলেও ‘প্রিন্স’কে পাওয়া যাচ্ছে না।
তবে আশার কথা হলো, গত রোববার রাত ৮টা ১০ মিনিট থেকে ‘প্রিন্স’-এর একটি শো পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে। স্টার সিনেপ্লেক্সের এজিএম (মিডিয়া ও মার্কেটিং) মেসবাহউদ্দিন আহমেদ এই তথ্য জানিয়ে বলেন, ‘পরীক্ষামূলক শো শেষে ‘প্রিন্স’ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানাতে পারব আমরা। কারণ এই প্রদর্শনীর মাধ্যমে সাউন্ড, ভিজ্যুয়ালসহ সব ঠিকঠাক আছে কিনা পরখ করে দেখা হচ্ছে। সিনেমাটি পরিবেশকের কাছ থেকে নির্ধারিত সময়ে না পাওয়ার কারণে ছবিটি চালাতে বিলম্ব হয়েছে।’
এদিকে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ঘোষণায় জানায়, ‘স্টার সিনেপ্লেক্সে তৃতীয়বারের মতো ডিসিপি (ডিজিটাল সিনেমা প্যাকেজ ফরম্যাট) জমা দেওয়ার পরও তাদের সার্ভারের সঙ্গে এখনো সঠিকভাবে ম্যাচ করছে না। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি এবং দ্রুত সমাধানের চেষ্টা করছি। দেশের অন্যান্য মাল্টিপ্লেক্সে একই ডিসিপি দিয়ে ‘প্রিন্স’-এর শো চলছে, কিন্তু ব্যত্যয় ঘটছে স্টার সিনেপ্লেক্সের ক্ষেত্রে। আশা করছি, সমস্যাটির দ্রুত সমাধান হবে এবং আগামীকাল থেকেই স্টার সিনেপ্লেক্সের সব শাখায় ছবিটি দর্শকরা উপভোগ করতে পারবেন। ধৈর্য ধরার জন্য শাকিবিয়ানসহ সব দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সারা দেশের প্রেক্ষাগৃহে স্বগৌরবে চলছে ‘প্রিন্স’ ।’
প্রযোজনা প্রতিষ্ঠানের ঘোষণায় আরো বলা হয়, ‘ছবিটির ডিসিপি জমা দেয়া হয়নি, এমন তথ্য বিভিন্ন মহল থেকে ছড়ানো হচ্ছে। প্রকৃতপক্ষে তথ্যটি ভুল। ‘প্রিন্স’ টিম থেকে অনুরোধ করা হচ্ছে, এমন ভুল তথ্যে বিভ্রান্ত হবেন না।’
তবে গতকাল পর্যন্ত স্টার সিনেপ্লেক্সের ওয়েব সাইটে প্রিন্স সংক্রান্ত কোনো খবর দেখা যায়নি। সিনেমাটা চলছে কি না সে বিষয়ে খোঁজ নিতে স্টার সিনেপ্লেক্স সংশ্লিষ্টদের ফোন করেও কোনো তথ্য পাওয়া যায়নি। জানা গেছে, নব্বই দশকের পটভূমিতে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘প্রিন্স’। এর ট্যাগলাইন ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’। এতে গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। তার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ ও পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডু। নেতিবাচক চরিত্রে পর্দায় এসেছেন বলিউড অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য। এছাড়া আছেন পশ্চিমবঙ্গের পিয়ান সরকার, লোকনাথ দে, মৃত্যুঞ্জয় ভট্টাচার্য, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, রাশেদ মামুন অপু, শরীফ সিরাজসহ অনেকে। বাংলাদেশ, ভারতের রাজস্থান ও শ্রীলঙ্কার কলম্বোতে এর শুটিং হয়েছে। আবহ সংগীত পরিচালনায় আরাফাত মহসীন নিধি।
ছোট পর্দার নির্মাতা আবু হায়াত মাহমুদ পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘প্রিন্স’। তার সঙ্গে মিলে গল্প, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন মেজবাহ উদ্দীন সুমন ও মোহাম্মদ নাজিমউদ্দিন। শিরিন সুলতানা প্রযোজিত ২ ঘণ্টা ২৯ মিনিট দৈর্ঘ্যের ছবিটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ‘এ’ (প্রাপ্তবয়স্কদের জন্য প্রযোজ্য) সনদ পেয়েছে।