জীবন নামের যাত্রায় সময় কখনো কখনো প্রতিপক্ষ হয়ে ওঠে। এমন কিছুর মুখোমুখি করে ফেলে মানুষকে, যা হয়তো তার কল্পনাতেও ছিল না। এমন অনেক কিছু মানুষকে করতে হয়, যা তিনি ভাবেননি কখনো। এমন আবেদন নিয়ে নির্মাতা কাজী আসাদ নির্মাণ করেছেন ফিল্ম ‘লাইফলাইন’। ২১ জুন (২০ জুন রাত ১২টা) চরকিতে মুক্তি পাবে ফিল্মটি।
গত ১০ জুন রাতে প্রকাশ পায় ‘লাইফলাইন’ ফিল্মের ট্রেলার। যেখানে দেখা যাচ্ছে বিদ্যা সিনহা মিম কাউকে খুঁজছেন। তার এই যাত্রায় সহযোগী রিজওয়ান পারভেজ, যিনি কঠিন রাস্তায় বাইকে করে মিমকে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছেন এবং দুজন মিলে ঝগড়াও করছেন।
‘লাইফলাইন’ নিয়ে বিদ্যা সিনহা মিম বলেন, ‘ফিল্মটির থিমেটিক পোস্টারটি যদি খেয়াল করেন, দেখবেন সেখানে বালুঘড়ির মধ্যে অনন্যা চরিত্রটি বসে আছে। অর্থাৎ চরিত্রটি একটা সময়ের মধ্যে আছে বা একটা সময়ের মুখোমুখি, যেটা সে ফেস করে এগিয়ে যেতে পারবে কিংবা পারবে না। সেটা জানতে হলে সিনেমা দেখতে হবে।’
নাটকের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে অভিনেতা রিজওয়ান পারভেজ জানান, ‘ক্ষেতের আইল দিয়ে মোটরসাইকেল চালাতে হয়েছে। এটা এমনিতেই কঠিন। সেটাও সমস্যা হতো না, কিন্তু আমার সঙ্গে মিম ছিল। এটা একটা দায়িত্ব যেন তিনি ঠিক থাকেন। মোটরসাইকেল নিয়ে পড়ে গিয়ে মিম যদি আহত হতেন, সেটা খুব কষ্টের হতো আমার জন্য বা যে কারো জন্যই।’
এ কথায় সায় দেন বিদ্যা সিনহা মিম। জানান, একে তো মাটির উঁচু-নিচু রাস্তা, তার ওপর প্রচণ্ড গরম। একটি-দুটি দৃশ্য করেই সবার অবস্থা খারাপ হয়ে যেত বলে জানান মিম। তিনি বলেন, ‘আমাদের অভিনয়শিল্পীদের কী যেন একটা আছে। দেখা গেছে, অল্প একটু কাজ করে সবাই কাহিল হয়েছি, কিন্তু যখন দেখেছি দৃশ্যটা ভালো হয়েছে, তখন আবার পুরোদমে কাজ শুরু করেছি।’
এতে আরো অভিনয় করেছেন গাজী রাকায়েত, আ খ ম হাসান, খায়রুল আলম সবুজ, নাজনীন হাসান চুমকি, আনিসা নূর আয়াত, ফাতেমাতুজ জোহরা ইভা।