হোম > বিনোদন > চলচ্চিত্র

৩ কোটির ঘরে ‘বনলতা এক্সপ্রেস’

বিনোদন রিপোর্টার

ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’। প্রথম সপ্তাহে তুলনামূলক কম শো পেয়েও প্রেক্ষাগৃহে দর্শক টানতে সক্ষম হয় সিনেমাটি। দর্শক আগ্রহের জেরে দ্বিতীয় সপ্তাহে একাধিক প্রেক্ষাগৃহে সর্বোচ্চ শো নিয়ে চলছে এটি।

মুক্তির মাত্র ১১ দিনের মাথায় ৩ কোটি টাকার ক্লাবে প্রবেশ করেছে তারকাবহুল এই সিনেমা। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই। প্রাপ্ত তথ্যানুযায়ী, স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, ব্লকবাস্টার সিনেমাস এবং কে-স্ক্রিন সিনেপ্লেক্স থেকে ‘বনলতা এক্সপ্রেস’-এর মোট গ্রস আয় দাঁড়িয়েছে ৩ কোটি ৭ লাখ টাকা। এর মধ্যে স্টার সিনেপ্লেক্স থেকে আয় ২ কোটি ৪৬ লাখ টাকা, ব্লকবাস্টার সিনেমাস থেকে ৪২ লাখ ৩৩ হাজার টাকা, লায়ন সিনেমাস থেকে ১২ লাখ ২৯ হাজার টাকা এবং কে-স্ক্রিন থেকে আয় ৫ লাখ ৫৮ হাজার টাকা।

পরিচালক তানিম নূর বলেন, ‘দর্শকের কাছ থেকে যে সাড়া পাচ্ছি তা সত্যিই অভাবনীয়। দর্শকরা বন্ধু-বান্ধব ও পরিবার নিয়ে দলবেঁধে সিনেমাটি দেখতে আসছেন। এই ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় পাওয়া।’

জানা গেছে, দ্বিতীয় সপ্তাহে স্টার সিনেপ্লেক্সের ৮টি শাখায় ২৮টি শো চলছে। বৃহস্পতিবার সেখানে শোর সংখ্যা বেড়ে ৩৩টিতে পৌঁছায়। লায়ন সিনেমাসে ২টি এবং ব্লকবাস্টার সিনেমাসে ৪টি শোতে প্রদর্শিত হচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’। তবে দর্শকদের একটি অংশ টিকিট না পেয়ে হতাশা প্রকাশ করেছেন। অনেকেই টিকিট না পাওয়ায় অন্য সিনেমা দেখতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ করেছেন। একই সঙ্গে শোর সংখ্যা বাড়ানোর দাবি তুলছেন তারা।

দেশের প্রেক্ষাগৃহে অভাবনীয় সাফল্যের পর এবার আন্তর্জাতিক বাজারেও দাপট দেখাচ্ছে বনলতা এক্সপ্রেস। উত্তর আমেরিকা ও ইউরোপের তিন দেশ কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মোট ৫২টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি দেখানো হচ্ছে সিনেমাটি। আন্তর্জাতিক পরিবেশক সংস্থা ‘স্বপ্ন স্কেয়ারক্রো’ এই তথ্য নিশ্চিত করেছে। পরিবেশক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, মুক্তির প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের ৩৮টি, কানাডার ১০টি এবং যুক্তরাজ্যের ৪টি সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’।

বিশ্বের নামি সিনেমা চেইন—যুক্তরাষ্ট্রের এএমসি ও রিগ্যাল, কানাডার সিনেপ্লেক্স এবং যুক্তরাজ্যের সিনেওয়ার্ল্ডের পর্দায় দেখা যাচ্ছে বাংলাদেশের এই সিনেমা। নিউইয়র্ক, ডালাস, টরন্টো, ভ্যানকুভার ও লন্ডনের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে প্রবাসী দর্শকরা বড় পর্দায় সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন। উল্লেখ্য, একটি ট্রেন যাত্রাকে কেন্দ্র করে এগোনো গল্পে যাত্রীদের জীবনের নানা দিক উঠে এসেছে ‘বনলতা এক্সপ্রেস’-এ।

হ‍ুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত এই সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর ও আজমেরী হক বাঁধনসহ আরো অনেকে।

নূরের সংগ্রাম থেকে ‘দম’-এর গল্প

আবার ইউরোপের পথে ‘দেলুপি’

জেফার-প্রীতমের ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’

সন্ধ্যা ৬টার পর সিনেমার সব শো বন্ধ ঘোষণা

ওটিটিতে মান্নার সিনেমা ‘হৃদয় থেকে পাওয়া’

শাকিব খানের ‘প্রিন্স’ নষ্ট হওয়ার কারণ জানালেন সুমন

তানজিকা আমিনের দুই সিনেমা

ফিল্ম আর্কাইভের আয়োজনে মাসব্যাপী ফ্রি চলচ্চিত্র উৎসব

যুক্তরাজ্যে ‘বিফোর দ্য ওয়ার্ল্ড’-এ প্রশংসিত বাংলাদেশি নির্মাতা আজিজুর রহমান

‘প্রিন্স’-এর জন্য শাকিবের দুঃখ প্রকাশ