বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের গুণী ও অত্যন্ত জনপ্রিয় সঙ্গীতশিল্পী তপন চৌধুরী তাঁর সঙ্গীত জীবনের পথচলার সুবর্ণজয়ন্তী (৫০ বছর) উদযাপন করতে যাচ্ছেন। আগামী ১২ ডিসেম্বর কানাডার টরেন্টোতে আনুষ্ঠানিকভাবে আয়োজিত হতে যাচ্ছে ‘তপন চৌধুরীর সঙ্গীত জীবনের ৫০ বছরের পথচলা উৎসব’।
আজ থেকে এক দশক আগে ঢাকায় ‘ঢাকা ক্লাব’-এ গান গাওয়ার চার দশক অর্থাৎ ৪০ বছর পূর্ণ উপলক্ষে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছিলেন এই বরেণ্য শিল্পী। এবার তাঁর পথচলার হাফ সেঞ্চুরি উদযাপনে কানাডার টরেন্টোতে যৌথভাবে উদ্যোগ নিয়েছে ‘রূপতনু মিউজিক একাডেমি’ ও ‘টরেন্টো ঢাকা ক্লাব’। টিকিট প্রদর্শনী ও নিবন্ধনের মাধ্যমে সঙ্গীতপ্রেমীরা এই বিশেষ সন্ধ্যায় অংশ নিতে পারবেন।
সঙ্গীত জীবনের ৫০ বছর পূর্তির এমন আয়োজনে অংশ নিতে পেরে ভীষণ উচ্ছ্বসিত ও আনন্দিত তপন চৌধুরী। আবেগঘন প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, ‘আমার দীর্ঘদিনের সঙ্গীত জীবনে আমি অনেক কিছু পেয়েছি—অনেক অর্জন, অনেক প্রাপ্তি। গুণীজনদের স্নেহ-ভালোবাসা, কোটি কোটি দর্শক-শ্রোতার অপরিসীম ভালোবাসা আর সবার দোয়া। এই তো আমার জীবনের অনেক বড় প্রাপ্তি। যখন ৪০ বছরের অনুষ্ঠান করেছিলাম, তখন আমার নিমন্ত্রণে অনেকেই এসেছিলেন। বিশেষত শ্রদ্ধেয় রুনা লায়লা আপা দীর্ঘ সময় উপস্থিত ছিলেন, যা পুরো আয়োজনকে অন্য এক মাত্রায় নিয়ে গিয়েছিলো। রূপতনু মিউজিক একাডেমি ও টরেন্টো ঢাকা ক্লাবের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ; কারণ তাদের প্রবল আগ্রহেই টরেন্টোতে এই আয়োজন সম্ভব হচ্ছে। আশা করছি আয়োজনটি খুব সুন্দর হবে, সবার দোয়া ও ভালোবাসা চাই।’
টরেন্টোর এই বিশেষ কনসার্টে তপন চৌধুরী তাঁর ক্যারিয়ারের অন্তত ১৫টি বা তারও বেশি জনপ্রিয় কালজয়ী গান পরিবেশন করবেন। তালিকায় রয়েছে ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘এ এমন পরিচয়’, ‘দিনে কী রাতে’, ‘কান্দো কেনে মন’, ‘কতো কাঁদলাম’, ‘আজ ফিরে না গেলেই কী নয়’ এবং ‘আমি সবকিছু ছাড়তে পারি’-র মতো শ্রোতানন্দিত গানগুলো।
তপন চৌধুরীর সঙ্গীত সাধনা প্রসঙ্গে উপমহাদেশের বরেণ্য সঙ্গীতজ্ঞ ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী বলেন, ‘তপন খুব বুঝেশুনে গান করে। আমি একটা কথা খুব বিশ্বাস করি—আওয়াজ, আন্দাজ এবং রেওয়াজ যার ঠিক থাকবে, আজীবন তার গান ভালো হবে এবং শ্রোতারাও তা ভালোভাবে গ্রহণ করবেন। তপন নিশ্চয়ই এই তিনটি বিষয় নিখুঁতভাবে মেনে চলে বলেই আজও শ্রোতারা তার গান এত আগ্রহ নিয়ে শোনেন।’
উল্লেখ্য, তপন চৌধুরীর সঙ্গীত জীবনের চার দশক পূর্তির অনুষ্ঠানে তাঁর ২১তম একক অ্যালবাম ‘ফিরে এলাম’ প্রকাশিত হয়েছিল। এবার ৫০ বছর পূর্তির বর্ণাঢ্য উদযাপনকে কেন্দ্র করে টরেন্টো প্রবাসী বাঙালি ও তাঁর কোটি ভক্ত-শ্রোতাদের মাঝে ব্যাপক উদ্দীপনা কাজ করছে।