ভালোবাসা কি শুধুই মুখে প্রকাশ পায়, নাকি নির্ঘুম রাত আর কাজে মন না বসার অন্তরালেও লুকিয়ে থাকে মনের গোপন অনুভূতি?—এমনই এক গভীর আবেগের গল্প নিয়ে নতুন দ্বৈত গান নিয়ে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী বালাম ও সোমলতা আচ্যার্য্য কোনাল। তাদের গাওয়া নতুন এই গানটির শিরোনাম ‘নির্ঘুম রাত জানে’।
গানটির কথা লিখেছেন গীতিকার আসিফ ইকবাল। সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রখ্যাত সংগীত পরিচালক শওকত আলী ইমন। সম্প্রতি রাজধানীর মগবাজারের ভেলোসিটি স্টুডিওতে গানটির রেকর্ড সম্পাদন করা হয়।
গানটির মূল ভাবনা প্রসঙ্গে গীতিকার আসিফ ইকবাল বলেন, ‘ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ সবসময় মুখে বলা কথায় থাকে না। কখনো নির্ঘুম রাত, কখনো আবার কাজে মনোযোগ দিতে না পারার মতো অভিজ্ঞতাও মনের গভীর অনুভূতির বার্তা দেয়। অন্যের কাছ থেকে আবেগ লুকিয়ে রাখা গেলেও নিজের কাছ থেকে তা আড়াল করা সম্ভব হয় না। এই প্রচ্ছন্ন উপলব্ধিই উঠে এসেছে ‘নির্ঘুম রাত জানে’ গানটিতে।’
বালাম-কোনাল জুটির সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে সংগীত পরিচালক শওকত আলী ইমন জানান, চলচ্চিত্রে এই জুটি এর আগেও বেশ কিছু দারুণ গান উপহার দিয়েছে। নতুন গানটিতেও দুজন অসাধারণ গায়কী উপস্থাপন করেছেন। শ্রোতারা গানটি বেশ উপভোগ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, চিত্রনায়ক শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমার ‘ও প্রিয়তমা’ গানের মাধ্যমে তুমুল আলোচনায় আসে বালাম-কোনাল জুটি। পরবর্তীতে ‘রাজকুমার’ চলচ্চিত্রের টাইটেল গান এবং ‘হান্নান’ সিনেমাতেও একসঙ্গে কণ্ঠ দেন তারা। চলচ্চিত্রের বাইরে ঈদ ম্যাগাজিন অনুষ্ঠান ‘এই দিন সেই দিন ঈদ আনন্দ’-এর সূচনা সংগীতেও শোনা গেছে তাদের গলা।
নতুন গান নিয়ে আশাবাদ ব্যক্ত করে কোনাল বলেন, ‘শ্রোতারা বর্তমানে যে ধরনের মেলোডি ও অনুভূতিপ্রধান গান পছন্দ করেন, ‘নির্ঘুম রাত জানে’ তেমনই একটি গান। ভালোবাসার যে অনুভূতি মুখে প্রকাশ না পেলেও মানুষের আচরণে ধরা পড়ে, সেটিই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। বালাম ভাইয়ের সঙ্গে আমার আগের কাজগুলোর মতো এই গানটিও শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে বলে আশা করছি।’