উপমহাদেশের প্রখ্যাত গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘ঘড়ির কাঁটা’ শিরোনামের একটি বিশেষ গান প্রকাশ করেছেন তাঁর কন্যা, জনপ্রিয় সংগীতশিল্পী ও উপস্থাপিকা দিঠি আনোয়ার।
গত ৪ সেপ্টেম্বর গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুবার্ষিকীতে গানটি দিঠির নিজস্ব ইউটিউব চ্যানেল ‘দিঠি আনোয়ার’-এ মুক্তি পায়। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন এই প্রজন্মের শিল্পী অপু আমান।
গাজী মাজহারুল আনোয়ারের লেখা অপ্রকাশিত গানগুলোর মধ্যে ‘ঘড়ির কাঁটা’ অন্যতম শ্রেষ্ঠ বলে জানান সংগীত পরিচালক অপু আমান। গানটি প্রসঙ্গে দিঠি আনোয়ার বলেন, ‘আমাকে নিয়ে আব্বুর লেখা ‘দিঠির খাতা’র আরও একটি গান এটি। আব্বু বেঁচে থাকতেই গানে কণ্ঠ দিয়েছিলাম, আর সম্প্রতি এর ভিডিও ধারণ করা হয়েছে। সহজ-সরল ভাষা ও সুন্দর শব্দচয়ন দিয়ে আব্বু যে বার্তা দিতেন, তা সবাইকে সহজে আকৃষ্ট করত। এই গানটিও ঠিক তেমন।’ সুরকার অপু আমানের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘অপু অসাধারণ সুর করে। ও আমাদের এই প্রজন্মের অন্যতম মেধাবী শিল্পী, তাকে আমাদের ইন্ডাস্ট্রির আরও কাজে লাগানো উচিত।’
গাজী মাজহারুল আনোয়ারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অপু আমান বলেন, ‘আমার কাছে গাজী মাজহারুল আনোয়ার ছিলেন একটি বিস্ময়। তিনি আমাকে সন্তানের মতো বুকে তুলে না নিলে বাংলা গানের নিজস্ব আবেগ-অনুভূতি আমার জীবনে অপূর্ণ থেকে যেত। আমি তাঁর কাছে চিরঋণী।’
এর আগে দিঠি আনোয়ার ইউটিউব চ্যানেলে গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘জন্মের পরে’, ‘রবি ঠাকুর’, ‘মেঘলা আকাশ’ ও ‘মধুর ক্যান্টিন’ গানগুলো প্রকাশিত হয়েছে।
এদিকে, এই প্রখ্যাত গীতিকারকে স্মরণ করে উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘খুব তাড়াতাড়ি আমাদেরকে কাঁদিয়ে চলে গেলেন গাজী ভাই। আল্লাহ পাক আপনাকে জান্নাত নসীব করুন। ওপারে খুব ভালো থাকবেন।’