হোম > বিনোদন > সংগীত

মাহবুবুল খালিদের কথা ও সুরে আসিফের রোমান্টিক গান

বিনোদন রিপোর্টার

গীতিকবি ও সুরকার মাহবুবুল খালিদের লেখা গানে এবার কণ্ঠ দিলেন বাংলা গানের ‘যুবরাজ’খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। ‘সখি তুই কি তেল মাখিস চুলে’ শিরোনামের এই রোমান্টিক গানটিতে প্রেম, রূপ আর মুগ্ধতার অপূর্ব আবহ ফুটিয়ে তোলা হয়েছে।

লোকজ শব্দের সুনিপুণ বুননে তৈরি গানটিতে প্রিয় মানুষের সৌন্দর্যে বিমোহিত এক প্রেমিকের আকুল অনুভূতি প্রকাশ পেয়েছে। গানটির কয়েকটি পঙ্‌ক্তি এমন—‘সখি তুই কি তেল মাখিস চুলে/ কী শাড়ি পরিছ তুই, হাওয়ায় আঁচল দুলে/ তোর নূপুর বাজে ঘুঙুর ঘুঙুর/ রূপে আগুন জ্বলে।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুব শিগগিরই গানটির একটি মনোমুগ্ধকর সংগীতচিত্র (মিউজিক ভিডিও) ‘খালিদ সংগীত’ ইউটিউব চ্যানেল ও অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত হবে। তবে এর আগেই গানটির অফিশিয়াল ওয়েবসাইট এবং ‘খালিদ সংগীত’ প্ল্যাটফর্মে গানটির অডিও শ্রোতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

বাংলাদেশের সংগীত ও সাহিত্যাঙ্গনে নিয়মিত সৃষ্টিশীল কাজ করে যাচ্ছেন বিশিষ্ট গুণীজন মাহবুবুল খালিদ। নিজস্ব ওয়েবসাইট ছাড়াও ‘খালিদ সংগীত’ ব্যানারে ইউটিউব ও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এ পর্যন্ত পাঁচ শতাধিক গান প্রকাশিত হয়েছে। যেখানে দেশের বিভিন্ন প্রজন্মের শীর্ষস্থানীয় ও জনপ্রিয় শিল্পীরা কণ্ঠ দিয়েছেন।

প্রেম-ভালোবাসার পাশাপাশি মাহবুবুল খালিদের গানে বারবার উঠে এসেছে সমাজের নানা অসংগতি, মানবিক সংকট ও আলোচিত বাস্তব চিত্র। ঢাকার মিরপুরের নির্যাতিত শিশু গৃহকর্মী ‘আদুরি’, সীমান্তে ফেলানী হত্যাকাণ্ড নিয়ে ‘ফেলানীরে করল গুলি’, মাগুরায় শিশু আছিয়ার ওপর নির্যাতন নিয়ে ‘মাগুরার ফুল’ কিংবা সাম্প্রতিক সময়ের আলোচিত ঘটনা নিয়ে ‘রামিসার বিচার’ শিরোনামে তাঁর গানগুলো মানুষের বিবেক ও মানবিকতাকে নাড়া দিয়েছে। দেশের গণ্ডি পেরিয়ে ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকটের মতো আন্তর্জাতিক মানবিক সংকট নিয়েও গান লিখেছেন তিনি। তাঁর প্রতিটি সৃষ্টিতেই মানবতা, প্রতিবাদ ও সচেতনতার শক্তিশালী বার্তা বিদ্যমান।

এবার সেই বহুমুখী ও বৈচিত্র্যময় গানের ধারার সঙ্গে যুক্ত হলো আসিফ আকবরের কণ্ঠে নতুন এই রোমান্টিক গানটি।

কানাডায় উদযাপিত হবে তপন চৌধুরীর সঙ্গীত জীবনের ৫০ বছর

নব্বইয়ের রক উন্মাদনা, এক মঞ্চে জেমস-হাসান

নুসরাত ফতেহ আলি খানের জন্মদিন উপলক্ষে ঢাকায় ‘শাম-ই-নুসরাত’

নচিকেতার তিন গানের সুর পুনর্নির্মাণ করলেন অপু আমান

প্রকাশ পেল আলম আরা মিনুর ‘কৃষ্ণ কালা’

ঢাকায় জগজিৎ সিংকে স্মরণ করে গজল সন্ধ্যা

যুক্তরাজ্যে সাবিনা ইয়াসমিন

খুরশীদ আলমের সংগীতের ৬০ বছর পূর্তি, গাইলেন সুজানা রূপা

সিনেমায় প্রথম রবীন্দ্রসংগীত গাইলেন অনিমা রায়

টেইলর সুইফটের নতুন ইতিহাস, ৩৩ পুরস্কার জয়ের রেকর্ড