হোম > চাকরি

চাকরি হারাতে না চাইলে কাজের ধরন বদলাতে হবে

আরব নিউজ

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশে বদলে যাচ্ছে কর্মজগতের চাহিদা। ফলে ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করতে শিক্ষাব্যবস্থায়ও বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। শুধু ভালো ফলাফল, উচ্চশিক্ষার ডিগ্রি ও প্রচলিত চাকরির প্রস্তুতি দিয়ে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হবে না। বরং শিক্ষার্থীদের নতুন দক্ষতা অর্জন, প্রযুক্তির সঠিক ব্যবহার, সমস্যা সমাধান এবং উদ্যোক্তা হওয়ার সক্ষমতা গড়ে তুলতে হবে।

এক নিবন্ধে এসব বিষয় তুলে ধরেছেন আরব নিউজের জ্যেষ্ঠ সম্পাদক আরনাব নীল সেনগুপ্ত। তার মতে, এআইয়ের কারণে আগামী দিনে কোন পেশার চাহিদা কমবে, কোনটি বাড়বে কিংবা নতুন কী ধরনের কাজের ক্ষেত্র তৈরি হবে, তা এখনই নিশ্চিত করে বলা কঠিন। তবে ভবিষ্যতের কর্মজগতের চিত্র পুরোপুরি স্পষ্ট হওয়ার অপেক্ষায় বসে থাকার সুযোগ নেই। স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোকে এখন থেকেই শিক্ষার্থীদের বাস্তব জীবনের জন্য প্রস্তুত করার উদ্যোগ নিতে হবে।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ২০২৫ সালের নিয়োগদাতা জরিপের বরাতে বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে কর্মীদের বিদ্যমান দক্ষতার ৩৯ শতাংশ পরিবর্তিত হতে পারে অথবা অপ্রচলিত হয়ে পড়তে পারে। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ক্ষেত্রে এই হার ৪৬ শতাংশ। সংখ্যাগুলো এআইয়ের প্রভাবের সুনির্দিষ্ট পূর্বাভাস না হলেও ভবিষ্যৎ কর্মবাজারে দক্ষতার পরিবর্তনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি রাখে।

সৌদি আরবের সাবেক কূটনীতিক ও গোয়েন্দাপ্রধান প্রিন্স তুর্কি আল-ফয়সাল সম্প্রতি উপসাগরীয় দেশগুলোর সামনে থাকা এই চ্যালেঞ্জের কথা তুলে ধরেছেন। তার মতে, বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি ও ভবিষ্যতে শ্রমিকের ঘাটতি মোকাবিলায় এসব অর্থনীতিতে এআই এবং রোবটিকসের ব্যবহার বাড়বে। তবে একই প্রযুক্তি তরুণ স্নাতকদের চাকরির সুযোগও কমিয়ে দিতে পারে।

গত ১ নভেম্বর বাহরাইনে এক অনুষ্ঠানে তিনি প্রযুক্তি, শিক্ষা ও কর্মসংস্থান নীতির মধ্যে সমন্বয় বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি কর্মীদের নতুন করে দক্ষ করে তোলা এবং তরুণদের ভবিষ্যতের চাকরির জন্য প্রস্তুত করতে যৌথ কর্মসূচি নেওয়ার ওপর গুরুত্ব দেন।

প্রাথমিক শিক্ষায় মৌলিক দক্ষতাই অগ্রাধিকার

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য কেবল একটি এআই কোর্স চালু করা কিংবা জনপ্রিয় প্রযুক্তি অ্যাপের সাবস্ক্রিপশন কেনাই যথেষ্ট নয়। শিক্ষার্থীদের কী শেখানো হবে, কীভাবে শেখানো হবে এবং একটি শিক্ষাগত সনদ কোন দক্ষতার স্বীকৃতি দেবে—এসব প্রশ্নেরও নতুন করে উত্তর খুঁজতে হবে।

প্রাথমিক পর্যায়ে পড়া, লেখা, গণিত এবং অন্যদের সঙ্গে মেলামেশার মতো মৌলিক দক্ষতার ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষাবিশেষজ্ঞরা। একই সঙ্গে শিশুদের বোঝাতে হবে, কম্পিউটার বা এআই আত্মবিশ্বাসের সঙ্গে কোনো উত্তর দিলেও সেটি ভুল হতে পারে। তাই প্রশ্ন করা, তথ্য যাচাই করা এবং উত্তরের সত্যতা মিলিয়ে দেখার অভ্যাস ছোটবেলা থেকেই গড়ে তুলতে হবে।

মাধ্যমিক পর্যায়ে এআই ও প্রোগ্রামিং শিক্ষার একটি উদাহরণ হিসেবে মিসরের কথা উল্লেখ করা হয়েছে। দেশটির শিক্ষামন্ত্রী ও কারিগরি শিক্ষা বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আবদেল লতিফ জানিয়েছেন, মাধ্যমিকের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য কোডিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা শেখানো শুরু হয়েছে। এ ছাড়া মিসরীয় ব্যাকালরিয়েট কর্মসূচির আওতায় মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের জন্য প্রোগ্রামিং ও এআইসহ ১১টি বিষয়ের কাজ শেষ করেছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।

তবে মাধ্যমিক শিক্ষায় একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে—বাড়ির কাজের মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৃত জ্ঞান ও দক্ষতা কতটা যাচাই করা সম্ভব? কোনো শিক্ষার্থী রাতারাতি নিখুঁত প্রবন্ধ তৈরি করলেও সেটি তার নিজের শেখার ফল, নাকি বাড়িতে ব্যবহৃত এআই সফটওয়্যারের সহায়তা—তা বোঝা কঠিন হতে পারে।

অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) ২০২৬ সালের ডিজিটাল শিক্ষা পর্যালোচনায় উদ্ধৃত একটি উচ্চবিদ্যালয়ের গণিতবিষয়ক পরীক্ষার উদাহরণে দেখা গেছে, সাধারণ চ্যাটবট ব্যবহার করা শিক্ষার্থীরা অনুশীলনে ভালো করলেও এআই ছাড়া নেওয়া পরীক্ষায় তাদের ফল অন্য শিক্ষার্থীদের তুলনায় খারাপ হয়েছে।

বিশ্ববিদ্যালয়ে উদ্যোক্তা ও বাস্তবমুখী শিক্ষার গুরুত্ব

বিশ্ববিদ্যালয় পর্যায়ে পরিবর্তনের প্রয়োজন আরও ব্যাপক। শুধু বিষয়ভিত্তিক জ্ঞান অর্জন করলেই হবে না; শিক্ষার্থীদের সুযোগ চিহ্নিত করা, ঝুঁকি মূল্যায়ন, দলগতভাবে কাজ করা এবং ধারণাকে কার্যকর পণ্য বা সেবায় রূপ দেওয়ার সক্ষমতাও অর্জন করতে হবে।

ভবিষ্যতে যে প্রকৌশলী প্রযুক্তিগত জ্ঞানের পাশাপাশি গ্রাহকের চাহিদা ও খরচ বুঝবেন, কিংবা যে ব্যবসায় শিক্ষিত স্নাতক এআইয়ের তৈরি বিশ্লেষণকে প্রশ্ন করতে পারবেন, তাদের কর্মজগতে বিকল্প ও সুযোগ বেশি থাকবে।

সৌদি আরব ও উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) দেশগুলোর জন্য শিক্ষাব্যবস্থার লক্ষ্য নতুন করে নির্ধারণের প্রয়োজনীয়তার কথাও বলা হয়েছে নিবন্ধে। বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার দক্ষতা দিতে হবে, যাতে তারা শুধু বিদ্যমান চাকরির জন্য প্রতিযোগিতা না করে নিজেদের উদ্যোগে নতুন প্রতিষ্ঠান ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন।

এ ক্ষেত্রে সৌদি আরবের কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভেঞ্চার স্টুডিও ও তাকাদাম অ্যাকসেলারেটরের উদাহরণ দেওয়া হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে উদ্যোক্তারা পরামর্শ, ব্যবসায়িক পরিকল্পনা ও অর্থায়নের সুযোগ পান।

সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ বিন জায়েদ ইউনিভার্সিটি অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও এআইয়ের সঙ্গে ব্যবসা, উদ্যোক্তা শিক্ষা ও শিল্প খাতের অভিজ্ঞতার সমন্বয়ে স্নাতক পর্যায়ের শিক্ষা চালু করেছে। গত মাসে আবুধাবিতে দেশটির উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণাবিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী আবদুর রহমান আল-আওয়ার বলেন, এআইসহ নতুন প্রযুক্তি কর্মবাজারের প্রয়োজনীয় দক্ষতায় পরিবর্তন আনার পাশাপাশি নতুন সুযোগ তৈরি করছে।

আরব অঞ্চলের বাইরে সিঙ্গাপুর শিক্ষার বিভিন্ন পর্যায়ে এআই-সাক্ষরতা অন্তর্ভুক্ত করছে। অন্যদিকে সাল খানের প্রতিষ্ঠিত খান একাডেমি তাদের এআই শিক্ষক ‘খানমিগো’ চালু করেছে এবং সেটিকে আরও কার্যকর করার উপায় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে।

চাকরি হারানোর চেয়ে কাজের ধরন বদলানোর সম্ভাবনা বেশি

এআইয়ের কারণে ব্যাপক হারে চাকরি বিলুপ্ত হওয়ার আশঙ্কা থাকলেও বাস্তবতা হয়তো কিছুটা ভিন্ন হতে পারে। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) হিসাবে, প্রতি চারজন কর্মীর একজন এমন পেশায় নিয়োজিত, যেখানে জেনারেটিভ এআইয়ের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তবে সংস্থাটির ধারণা, সরাসরি চাকরি হারানোর চেয়ে কাজের ধরন বদলে যাওয়ার সম্ভাবনাই বেশি।

একটি সফটওয়্যার প্রতিষ্ঠানের উদাহরণ দেওয়া হয়েছে। সেখানে গ্রাহকদের প্রশ্নের সম্ভাব্য উত্তর এআইয়ের মাধ্যমে তৈরি করা হয়। কর্মীরা চাইলে সেই উত্তর ব্যবহার, সম্পাদনা কিংবা পুরোপুরি উপেক্ষা করতে পারেন। ২০২৫ সালে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এক গবেষণায় দেখা যায়, এআই টুল ব্যবহার করা কর্মীরা ঘণ্টায় গড়ে ১৫ শতাংশ বেশি গ্রাহকের সমস্যা সমাধান করতে পেরেছেন। কম অভিজ্ঞ কর্মীদের ক্ষেত্রে এই সুবিধা ছিল সবচেয়ে বেশি।

তবে সব শিক্ষার্থীকে উদ্যোক্তা হতে হবে—এমন ধারণাকেও বাস্তবসম্মত মনে করেন না নিবন্ধকার। তার মতে, জলবায়ু পরিবর্তনের মতো উদ্যোক্তা শিক্ষাও যেন কেবল জনপ্রিয় আলোচনার বিষয় হয়ে না দাঁড়ায়। সমাজে দক্ষ কর্মী, শিক্ষক, নার্স, কারিগরি পেশাজীবী ও সরকারি কর্মকর্তা-কর্মচারীর প্রয়োজন সব সময়ই থাকবে। তাই কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রাপ্তবয়স্কদের শিক্ষাব্যবস্থাকেও নিজ নিজ পেশায় নতুন প্রযুক্তি ব্যবহারের উপযোগী দক্ষতা গড়ে তুলতে হবে।

প্রযুক্তি কেনার আগে শিক্ষার্থীর শেখার উপকারিতা যাচাই

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এআই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হওয়ার পরামর্শও দিয়েছেন সেনগুপ্ত। কোনো স্কুল এআই টুল কেনার আগে সেটি শিক্ষার্থীদের শেখার ক্ষেত্রে কতটা সহায়ক হবে, তা যাচাই করা উচিত। শুরুতে কয়েকটি শ্রেণিকক্ষে পরীক্ষামূলকভাবে প্রযুক্তিটি ব্যবহার করা, শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া এবং প্রয়োজনীয় সময় ও সুযোগ নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন তিনি।

এরপর দেখতে হবে, শিক্ষার্থীরা নিজেদের ভাষায় কোনো ধারণা ব্যাখ্যা করতে পারছে কি না কিংবা প্রযুক্তির সাহায্য ছাড়াই কোনো সমস্যা সমাধান করতে পারছে কি না। এআইয়ের ব্যবহার বাড়লেও বই পড়া, ইতিহাস নিয়ে আলোচনা কিংবা বৈজ্ঞানিক পরীক্ষার ভুল থেকে শেখার মতো প্রচলিত শিক্ষাচর্চার জন্য স্কুলে পর্যাপ্ত সময় রাখা জরুরি।

প্রজন্মের পর প্রজন্ম ধরে অভিভাবকেরা সন্তানদের যে পরামর্শ দিয়ে আসছেন—মনোযোগ দিয়ে পড়াশোনা করা, ভালো ডিগ্রি অর্জন এবং ভালো বেতনের চাকরি পাওয়া—তা এখনো প্রাসঙ্গিক। তবে এআইয়ের যুগে এই লক্ষ্য অর্জনের পাশাপাশি তরুণদের পরিবর্তিত কর্মবাজারের সঙ্গে খাপ খাওয়ানো, সারা জীবন নতুন দক্ষতা শেখা এবং নিজেদের পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ তৈরির উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে।

এ জন্য শিক্ষানীতিনির্ধারকদের দায়িত্ব শুধু শিক্ষাক্রমে প্রযুক্তি যুক্ত করা নয়; বরং ভবিষ্যতের কর্মজগতের উপযোগী অবকাঠামো ও সুযোগ তৈরি করা।

ক্যারিয়ার নিয়ে শিক্ষার্থীদের ভাবনা

‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ইসতাক আহমেদ

অফিসে যেসব কাজ এড়িয়ে চলবেন

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে চাকরি, ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও সম্ভাবনা

৩৯৩ পদে নিয়োগ দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

টেসলার রোডস্টারের আন্ডারবডি প্রকল্পে কাজ করেছেন বুয়েটের তারেক

অক্সফোর্ডের পূর্ণ বৃত্তি পেলেন নাজিফা

বিদেশি যেসব ভাষা আপনাকে এগিয়ে রাখবে

মাদরাসা থেকে ঢাবির আইন বিভাগে, অতঃপর সিভিল জজ

কিশোরী-তরুণীদের কারিগরি প্রশিক্ষণ দিচ্ছে দক্ষিণ কোরিয়া