হোম > চাকরি

চাকরির ক্ষেত্রে আবেগীয় বুদ্ধিমত্তা কেন গুরুত্বপূর্ণ, কীভাবে বাড়াবেন

আমার দেশ অনলাইন

কর্মজীবনে সফল হওয়ার জন্য এত দিন শিক্ষাগত যোগ্যতা, মেধা ও কারিগরি দক্ষতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো। তবে সময়ের সঙ্গে বদলাচ্ছে নিয়োগদাতাদের দৃষ্টিভঙ্গি। এখন শুধু একজন কর্মীর কাজের দক্ষতা কিংবা বুদ্ধিমত্তা নয়, তিনি অন্যদের সঙ্গে কীভাবে আচরণ করেন, চাপের মধ্যে নিজের আবেগ কতটা নিয়ন্ত্রণ করতে পারেন এবং সহকর্মীদের সঙ্গে কতটা কার্যকর সম্পর্ক গড়ে তুলতে পারেন, সেসব বিষয়ও গুরুত্ব পাচ্ছে। কর্মক্ষেত্রে এই সক্ষমতাকেই বলা হয় আবেগীয় বুদ্ধিমত্তা বা ইমোশনাল ইন্টেলিজেন্স (ইকিউ)।

বিশেষজ্ঞদের মতে, একজন কর্মী যত মেধাবীই হোন না কেন, তার মধ্যে অন্যের প্রতি সম্মান, সহমর্মিতা ও যোগাযোগের দক্ষতা না থাকলে দীর্ঘমেয়াদে কর্মক্ষেত্রে সফল হওয়া কঠিন। এ কারণে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রেও আবেগীয় বুদ্ধিমত্তাকে গুরুত্বপূর্ণ যোগ্যতা হিসেবে বিবেচনা করছেন অনেক নিয়োগদাতা।

নিয়োগদাতারা কেন ইকিউকে গুরুত্ব দিচ্ছেন

নিয়াগ্রা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ৭৫ শতাংশ নিয়োগদাতা কর্মীদের পদোন্নতি ও বেতন বৃদ্ধির যোগ্যতা মূল্যায়নের ক্ষেত্রে আবেগীয় বুদ্ধিমত্তাকে বিবেচনায় নেন। অন্যদিকে, ২০১৯ সালে এলএইচএইচের (আগের নাম লি হেক্ট হ্যারিসন পেনা) এক জরিপে দেখা যায়, ৫৭ শতাংশ নিয়োগ ব্যবস্থাপক মনে করেন, তাদের প্রতিষ্ঠানের সবচেয়ে ভালো পারফরম্যান্স করা কর্মীদের আবেগীয় বুদ্ধিমত্তাও বেশি।

যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোভিত্তিক প্রতিষ্ঠান ট্যালেন্টস্মার্টইকিউর কনটেন্ট, গবেষণা ও পেশাগত সেবাবিষয়ক নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ম্যাগি সাসের মতে, আইকিউ একজন মানুষ কী করতে পারেন, তা নির্দেশ করে। আর ইকিউ নির্দেশ করে, তিনি কাজটি কীভাবে করেন।

তার ব্যাখ্যায়, কেউ হয়তো একটি প্রতিষ্ঠানের সবচেয়ে মেধাবী ব্যক্তি হতে পারেন। কিন্তু তিনি যদি অন্যদের গুরুত্ব না দেন কিংবা তাদের প্রতি সম্মান প্রদর্শন না করেন, তাহলে সহকর্মীরা তাকে অনুসরণ করতে আগ্রহী নাও হতে পারেন।

আবেগীয় বুদ্ধিমত্তার ধারণাটি নতুন নয়। ১৯৯৫ সালে মনোবিজ্ঞানী ড্যানিয়েল গোলম্যানের ইমোশনাল ইন্টেলিজেন্স বই প্রকাশের পর ব্যবসা ও কর্মজগতে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। বইটিতে তিনি কর্মজীবনে সফলতার ক্ষেত্রে আইকিউর পাশাপাশি ইকিউর গুরুত্ব তুলে ধরেন। তবে বিশেষজ্ঞদের মতে, আইকিউ ও ইকিউকে পরস্পরের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখার সুযোগ নেই। কর্মজীবনে দুটিরই প্রয়োজন রয়েছে।

চাকরি পাওয়া নয়, চাকরি ধরে রাখতেও জরুরি

আবেগীয় বুদ্ধিমত্তা শুধু চাকরি পাওয়ার ক্ষেত্রেই সহায়ক নয়, চাকরিতে টিকে থাকার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুক্তরাষ্ট্রের টেক্সাসের নেতৃত্ব উন্নয়ন বিশেষজ্ঞ ও লেখক সারা ক্যানাডের মতে, অনেক কর্মী তাদের কারিগরি ও বাস্তব দক্ষতার কারণে চাকরি পান। কিন্তু আবেগীয় বুদ্ধিমত্তার অভাব তাদের চাকরি হারানোর কারণ হয়ে দাঁড়াতে পারে।

তার মতে, নিজের আবেগ নিয়ন্ত্রণ, অন্যের অনুভূতি বুঝতে পারা, সামাজিক পরিবেশের সঙ্গে মানিয়ে চলা এবং আন্তব্যক্তিক যোগাযোগের দক্ষতা আবেগীয় বুদ্ধিমত্তার গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে কর্মক্ষেত্রে মতবিরোধ, চাপ কিংবা জটিল পরিস্থিতি তৈরি হলে এসব গুণের প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়ে ওঠে।

আবেগীয় বুদ্ধিমত্তা কি বাড়ানো সম্ভব?

মানুষের বুদ্ধিমত্তা বা ব্যক্তিত্বে পরিবর্তন আনা সহজ নয়। তবে আবেগীয় বুদ্ধিমত্তা অনুশীলন ও সচেতন চেষ্টার মাধ্যমে অনেকটাই উন্নত করা সম্ভব। ম্যাগি সাসের মতে, ইকিউ এমন একটি সক্ষমতা, যার নির্দিষ্ট আচরণগুলো চিহ্নিত করে সেগুলোর ওপর কাজ করা যায়। নিয়মিত অনুশীলনের মাধ্যমে আচরণে পরিবর্তন আনা এবং তার ইতিবাচক প্রভাব দেখা সম্ভব।

তবে দীর্ঘদিনের অভ্যাস পরিবর্তন করা সহজ নয়। অনেক সময় মানুষ অজান্তেই নির্দিষ্ট আচরণে অভ্যস্ত হয়ে পড়েন। সেখান থেকে বেরিয়ে আরো কার্যকর আচরণ গড়ে তুলতে সচেতন প্রচেষ্টা প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে, নিজের আবেগীয় বুদ্ধিমত্তার ঘাটতি সম্পর্কে সচেতন হওয়া এবং তা উন্নত করার আগ্রহ থাকাও একজন চাকরিপ্রার্থীর ইতিবাচক দিক হিসেবে বিবেচিত হতে পারে।

কর্মক্ষেত্রের পরিবেশ উন্নত করে ইকিউ

একটি প্রতিষ্ঠানের সাফল্য শুধু ব্যবসায়িক ফলাফল বা কর্মীদের ব্যক্তিগত দক্ষতার ওপর নির্ভর করে না। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিবেশ, সহকর্মীদের পারস্পরিক সম্পর্ক এবং কর্মীদের মানসিক নিরাপত্তাও গুরুত্বপূর্ণ।

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ার থেরাপিস্ট, বক্তা ও লেখক জোয়েল মোরের মতে, কার্যকর নেতৃত্বের অন্যতম ভিত্তি হয়ে উঠছে আবেগীয় বুদ্ধিমত্তা। এটি কর্মীদের কাজে সম্পৃক্ততা বাড়াতে, প্রতিষ্ঠানের সামগ্রিক পরিবেশ উন্নত করতে এবং কর্মীদের মধ্যে মানসিক নিরাপত্তা তৈরি করতে সহায়তা করে।

এ কারণে বিভিন্ন বড় প্রতিষ্ঠান তাদের নেতৃত্ব উন্নয়ন কর্মসূচিতে আবেগীয় বুদ্ধিমত্তাকে অন্তর্ভুক্ত করছে। বিশেষ করে সহমর্মিতা ও যোগাযোগের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

কর্মক্ষেত্রে কর্মীদের মানসিক সুস্থতা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। কারণ কর্মীদের মানসিক অবস্থার সঙ্গে তাদের কাজের দক্ষতা, প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতা এবং দীর্ঘমেয়াদে চাকরিতে থাকার প্রবণতার সম্পর্ক রয়েছে।

যুক্তরাষ্ট্রের টেক্সাসভিত্তিক প্রতিষ্ঠান প্রোটেক্টের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী টিম দুবার মতে, যেসব প্রতিষ্ঠানে কর্মীদের গুরুত্ব দেওয়া হয় না, সেখানকার পরিবেশ একসময় একঘেয়ে, অনমনীয় ও ঝুঁকি নিতে অনিচ্ছুক হয়ে ওঠে। কর্মীরাও নিজেদের প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অনুভব করতে পারেন না। এ ধরনের পরিবেশ থেকে অনেকেই একসময় বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

কর্মক্ষেত্রে আবেগীয় বুদ্ধিমত্তা বাড়ানোর চার উপায়

আবেগীয় বুদ্ধিমত্তা উন্নত করতে বিশেষজ্ঞ ম্যাগি সাস কয়েকটি বাস্তবসম্মত অভ্যাসের কথা বলেছেন।

১. নিজের আবেগ সম্পর্কে সচেতন হওয়া: কোনো অনুভূতিকে ভালো বা খারাপ হিসেবে বিচার না করে সেটিকে নিজের মানসিক অবস্থার একটি সংকেত হিসেবে বিবেচনা করতে হবে। কেন এমন অনুভূতি তৈরি হচ্ছে, তা বোঝার চেষ্টা করা জরুরি। এতে নিজের আচরণ ও প্রতিক্রিয়া সম্পর্কে সচেতনতা বাড়বে।

২. আবেগ নিয়ন্ত্রণে রাখা: মানসিক চাপের সময় ধীরে ও গভীরভাবে শ্বাস নেওয়ার অভ্যাস করতে হবে। নাক দিয়ে গভীরভাবে শ্বাস নিয়ে মুখ দিয়ে ধীরে ছাড়তে হবে। ঘুম থেকে ওঠার পর, কাজ শুরু করার আগে, কর্মস্থল থেকে বাড়ি ফেরার সময় এবং ঘুমাতে যাওয়ার আগে দুবার করে গভীর শ্বাস নেওয়ার অনুশীলন করা যেতে পারে।

৩. অন্যদের প্রতি সামাজিক সচেতনতা বাড়ানো: সহকর্মীদের নাম ধরে সম্ভাষণ করার অভ্যাস গড়ে তুলতে হবে। কোনো দলীয় পরিবেশে কারও সঙ্গে দেখা হলে তার নাম ধরে কথা বলা এবং পরবর্তী কথোপকথনেও নাম ব্যবহার করা পারস্পরিক সম্পর্ক উন্নত করতে পারে।

৪. সমালোচনা ও পরামর্শ ইতিবাচকভাবে গ্রহণ করা: কর্মক্ষেত্রে কেউ কোনো ভুল বা দুর্বলতা তুলে ধরলে তাৎক্ষণিকভাবে আত্মপক্ষ সমর্থন না করে মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রয়োজনে নির্দিষ্ট উদাহরণ জানতে প্রশ্ন করতে হবে। অন্যের বক্তব্য বোঝার পর তাঁকে ধন্যবাদ জানিয়ে বিষয়টি নিয়ে ভাবার সময় নেওয়া উচিত।

যোগাযোগে মনে রাখুন ‘সাম’ সূত্র

আবেগীয় বুদ্ধিমত্তা বাড়ানোর ক্ষেত্রে যোগাযোগ বিশেষজ্ঞ পামেলা বার্নাম ‘সাম’ (এসওএমই) নামে একটি সহজ সূত্রের কথা বলেছেন। এতে চারটি আচরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

• এস (স্মাইল): স্বাভাবিক ও আন্তরিকভাবে হাসিমুখে কথা বলা।

• ও (ওপেন): কথা বলার সময় শরীরের ভঙ্গি ও অবস্থান খোলামেলা রাখা।

• এম (মিররিং): অন্য ব্যক্তির আচরণ ও কথার ধরন স্বাভাবিকভাবে অনুসরণ করে তাঁর সঙ্গে যোগাযোগের সেতুবন্ধ তৈরি করা।

• ই (আই কনট্যাক্ট): উপযুক্ত পরিস্থিতিতে চোখের দিকে তাকিয়ে কথা বলা। তবে এ ক্ষেত্রে বিভিন্ন সংস্কৃতির সামাজিক রীতিনীতি ও ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের বিষয়টি বিবেচনায় রাখতে হবে।

বিশেষজ্ঞদের মতে, এসব অভ্যাস নিয়মিত চর্চা করলে মানুষের সঙ্গে যোগাযোগ, সম্পর্ক তৈরি এবং কর্মক্ষেত্রে নিজেকে মানিয়ে নেওয়ার সক্ষমতা বাড়তে পারে।

আধুনিক কর্মজগতে শুধু মেধা ও কারিগরি দক্ষতা দিয়ে সফলতা নিশ্চিত করা কঠিন। নিজের আবেগ বুঝতে পারা, অন্যের অনুভূতির প্রতি সম্মান দেখানো, সমালোচনা গ্রহণ করা এবং ইতিবাচক সম্পর্ক বজায় রাখার সক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ। আবেগীয় বুদ্ধিমত্তার চর্চা একজন কর্মীকে যেমন আরও দক্ষ ও কার্যকর করে তুলতে পারে, তেমনি তাঁকে ব্যক্তিগত জীবনেও আরও ভারসাম্যপূর্ণ মানুষ হতে সহায়তা করতে পারে।

সূত্র: সাকসেস ডটকম

প্রত্যেককে খুঁজে বের করতে হবে ‘আমি কোন জায়গায় সেরা?’

মিসরের আল-আজহারে উচ্চশিক্ষা: বাংলাদেশিদের জন্য ২৪টি বৃত্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর জন্য যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড স্কলারশিপ

চাকরি হারাতে না চাইলে কাজের ধরন বদলাতে হবে

ক্যারিয়ার নিয়ে শিক্ষার্থীদের ভাবনা

‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ইসতাক আহমেদ

অফিসে যেসব কাজ এড়িয়ে চলবেন

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে চাকরি, ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও সম্ভাবনা

৩৯৩ পদে নিয়োগ দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

টেসলার রোডস্টারের আন্ডারবডি প্রকল্পে কাজ করেছেন বুয়েটের তারেক