বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই চুক্তিপত্র খালিদ ইবনুল ওয়ালিদ এবং হীরার অধিবাসীদের মনোনীত প্রতিনিধি ও গোত্রপ্রধান আদির দুই ছেলে আদি ও আমর, আমর ইবনে আবদুল মাসিহ, ইয়াস ইবনে কাবিসা ও হাইরি ইবনে আকালের মধ্যে সম্পাদিত হলো। হীরার অধিবাসীরা এ চুক্তিতে সম্মতি দিয়েছেন এবং উল্লিখিত প্রতিনিধিদের সংশ্লিষ্ট বিষয়ে নিজেদের পক্ষে ক্ষমতা অর্পণ করেছেন।
চুক্তির শর্তাবলি নিচে উল্লেখ করা হলো
১. হীরার অধিবাসীরা প্রতিবছর ১ লাখ ৯০ হাজার দিরহাম দেবেন। এ অর্থ তাদের পক্ষ থেকে পার্থিব নিরাপত্তা ও সুরক্ষার বিনিময়ে জিজিয়া হিসেবে আদায় করা হবে।
২. তাদের সন্ন্যাসী ও যাজকরাও এ জিজিয়ার অন্তর্ভুক্ত থাকবেন; তবে যে ব্যক্তি পার্থিব সম্পদ ও উপার্জনের অধিকারী নয়, সংসার জীবন পরিত্যাগ করে ধর্মসাধনায় নিবিষ্ট রয়েছে, সে এই দায় থেকে অব্যাহতি পাবে।
৩. যে ব্যক্তি দুনিয়ায় উপার্জনে সামর্থ্যহীন এবং সংসারত্যাগী অথবা ভ্রমণরত সন্ন্যাসী হিসেবে পার্থিব জীবন বর্জন করেছে, সে জিজিয়া দিতে বাধ্য থাকবে না।
৪. মুসলিম পক্ষ তাদের নিরাপত্তা ও প্রতিরক্ষার দায়িত্ব গ্রহণ করবে। যত দিন তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে না, তত দিন তাদের ওপর এ অর্থ দেওয়ার বাধ্যবাধকতা কার্যকর হবে না।
৫. তবে তারা যদি কোনো কাজ বা বক্তব্যের মাধ্যমে চুক্তিভঙ্গ বা বিশ্বাসঘাতকতা করে, তাহলে তাদের প্রদত্ত নিরাপত্তা ও অঙ্গীকার (জিম্মা) বাতিল বলে গণ্য হবে এবং মুসলিম পক্ষ এই দায় থেকে মুক্ত থাকবে।
এই চুক্তিপত্র হিজরি ১২ সনের রবিউল আউয়াল মাসে লিখিত হলো এবং এর লিখিত দলিল তাদের (হীরাবাসীর) কাছে হস্তান্তর করা হলো।
(সূত্র : তারিখে তাবারি, অখণ্ড সংস্করণ, পৃষ্ঠা : ৫৪০)
আরবি থেকে অনুবাদ : আহমদ ফাহমি