হোম > সাহিত্য সাময়িকী

চিকিৎসার বাইরেও যে জীবন

‘চেম্বারে ক্ষণিক দেখা’

নাজমুল হাসান

একজন শিশু চিকিৎসকের চেম্বারে প্রতিদিন অসংখ্য শিশু আসে। কেউ আসে জ্বর-সর্দি-কাশি নিয়ে, কেউ অজানা ব্যথায়, কেউ আচরণগত সমস্যায়। কিন্তু একজন চিকিৎসকের চোখে সেই ক্ষণিকের সাক্ষাৎ কখনো কখনো হয়ে ওঠে একটি পরিবারের দীর্ঘ গল্পের জানালা। শিশু চিকিৎসক ডা. আহমদ মরতুজা চৌধুরীর ‘চেম্বারে ক্ষণিক দেখা, জীবনের চিত্রলেখা’ বইটি মূলত সেই গল্পগুলোরই মানবিক দলিল।

বইটি ওল্টালেই বোঝা যায়, লেখক শুধু রোগের নিরাময়ের ক্ষেত্রেই নিজেকে আবদ্ধ রাখতে চাননি, তিনি রোগীর পেছনে থাকা মানুষ, পরিবার ও সমাজকে দেখেছেন গভীর মনোযোগে। ‘রাগের মাথায় বাবা হয়ে যান ঘাতক’, ‘মায়ের রিমান্ডে শিশু মেয়ে’, ‘কিশোর মনের ঠিকানা, বাবা-মার অজানা’, ‘স্কুলের কয়েদখানায় প্রতিদিন’—এ ধরনের শিরোনাম পাঠককে চিকিৎসাবিজ্ঞানের গণ্ডি ছাড়িয়ে অভিভাবকত্ব ও শৈশবের বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়।

অটিজম, মেদস্থূলতা, জন্মগত সমস্যা, অপুষ্টি, শিশুর আচরণগত পরিবর্তন কিংবা গুরুতর অসুস্থতার পাশাপাশি বইটিতে উঠে এসেছে অতিরিক্ত আদর, শাসন, সামাজিক বৈষম্য, প্রযুক্তির আসক্তি, পড়াশোনার চাপ এবং পারিবারিক অবহেলার মতো বিষয়। ‘টিভির চ্যানেলে বন্দি শিশু’, ‘ফেসবুকের নেশায় অচল’, ‘বন্ধু আর খেলাধুলাবিহীন একাকী অসহায়’—এসব অভিজ্ঞতা বর্তমান সময়ের অভিভাবকত্বের নানা সংকটকে স্পষ্ট করে।

বইটির বিশেষ আকর্ষণ সম্ভবত এর মানবিক দৃষ্টিভঙ্গি। চিকিৎসকের কাছে আসা শিশুকে শুধু ‘রোগী’ হিসেবে না দেখে তার ভয়, আনন্দ, অভিমান, স্বপ্ন ও পারিবারিক সম্পর্ককে গুরুত্ব দেওয়া হয়েছে। কোথাও অসুস্থ শিশুর সঙ্গে মায়ের দীর্ঘশ্বাস, কোথাও বাবাকে হারানোর বেদনা, কোথাও আবার সাম্প্রদায়িক সীমানা পেরিয়ে মানবিক হওয়ার গল্প।

সব মিলিয়ে, বইটি শুধু শিশু চিকিৎসার অভিজ্ঞতার সংকলন নয়; এটি আমাদের সন্তান প্রতিপালন, পারিবারিক সম্পর্ক এবং মানবিক দায়িত্ববোধের চিত্রলেখা। চেম্বারে কয়েক মিনিটের সাক্ষাৎ যে কখনো একটি পরিবারের গভীর সত্য উন্মোচন করতে পারে—বইটি তারই মর্মস্পর্শী দলিল।

লেখক হিসেবে চিকিৎসকদের একটি বাড়তি সুবিধা হচ্ছে, একজন চিকিৎসক জীবনের এমন সব অভিজ্ঞতার মুখোমুখি হন, যা সাধারণ লেখকদের জন্য দুর্লভ। সে হিসেবে বইটির একটি আলাদা গুরুত্ব রয়েছে। বইটির ভাষায়ও বেশ সাহিত্যিক মেজাজ রক্ষা করার চেষ্টা করা হয়েছে। সে হিসেবে বইটির একটি সীমাবদ্ধতা হচ্ছে, প্রতিটি গল্পের প্রথমে ‘চেম্বার’ শব্দটি বারবার আনা হয়েছে। অতি ব্যবহারে জীর্ণ এ শব্দটি অনেক ক্ষেত্রেই ত্যাগ করা যেত।

১০০% সিমেট্রিক্যাল

বাংলাদেশের কালচারাল ক্যালেন্ডার: অক্টোবর-কার্তিক-জমাদিউল আউয়াল

মাহমুদ গজনবির ভারত অভিযান, উপনিবেশী বয়ান ও বাস্তবতা

হারিয়ে যাওয়া আমিরুল মুমিনিন খাল

অক্টোবর-রবিউস সানি/জমাদিউল আউয়াল-আশ্বিন: মুসলিম বিশ্বের ইতিহাস ক্যালেন্ডার

বাংলায় মাদরাসা স্থাপত্য

বাংলাদেশের মহানায়কদের গল্প: হিরোস নেভার ডাই

অক্টোবর-আশ্বিন-রবিউস সানি/জমাদিউল আউয়াল

ঢাকেশ্বরী মন্দির: ইতিহাস ও কিংবদন্তি

অ্যান কারসনের হাতে নোবেল ২০২৬