দেশের বিচার বিভাগ গত ১৫ বছরে আওয়ামী ফ্যাসিবাদী শাসন আমলে সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসাবে কাজ করেছে বলে মন্তব্য করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে ‘লিগ্যাল সেল- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব মন্তব্য করেন কেন্দ্রীয় সমন্বয়ক ও লিগ্যাল সেলের সদস্য আরমান হোসাইন।
এসময় ‘লিগ্যাল সেল- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ এর কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনার একপর্যায়ে সাংবাদিকদের তিনি বলেন, দেশি বিদেশি অনেক সংগঠন ও ফ্যাসিবাদের দোসররা নানা সময়ে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তাদের সাহায্য করেছে। আমরা তাদের চিহ্নিত করাসহ তাদের বিরুদ্ধে যথাযথ বিচার ব্যবস্থা নিশ্চিতে কাজ করে যাবো।
এর আগে লিগ্যাল সেলের সদস্য উম্মা উসওয়াতুল রাফিয়া তাদের প্রস্তাবনা তুলে ধরেন। এছাড়াও তাদের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় সমন্বয়ক ও সেলের সদস্য তরিকুল ইসলাম।
এসময় তারা জানান, এই সেলের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হবে জুলাই অভ্যুত্থানে শহীদ, আহত এবং আন্দোলনে যুক্ত ছাত্র-জনতা ও তাদের পরিবারকে প্রয়োজনীয়তার নিরিখে সার্বিক আইনি সহায়তা প্রদান করা। বিচার বিভাগের সংস্কার এবং স্বাধীনতা নিশ্চিতকরণে জনসচেতনতা তৈরি ও জনমত গঠন, আইনঙ্গনে আওয়ামী ফ্যাসিবাদের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ব্যক্তিবর্গকে চিহ্নিতকরাসহ তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কাজ করাই তাদের উদ্দেশ্য। পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে তার লক্ষ্য, উদ্দেশ্য এবং কর্মসূচি প্রণয়নে আইনগত সহায়তা এবং পরামর্শ প্রদান করবে ‘লিগ্যাল সেল-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’।