হোম > জাতীয়

স্পিকারের চেয়ার ফাঁকা রেখেই যেভাবে শুরু হবে সংসদ অধিবেশন

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এর পরপরই ভেঙে দেওয়া হয় দ্বাদশ জাতীয় সংসদ। এর দেড় বছর পর গত ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ সংসদ নির্বাচন। ওই নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বিএনপি। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট ৭৭টি আসন পেয়ে সংসদের প্রধান বিরোধী দলের ভূমিকায় রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না থাকায় এবার সংসদে দলটির কোনো প্রতিনিধিত্ব নেই।

সংবিধান অনুযায়ী সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার ৩০ দিনের মধ্যে সংসদের বৈঠক আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে। সেই বাধ্যবাধকতায় ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বেলা ১১টায় সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠক শুরু হচ্ছে।

সংবিধান ও কার্যপ্রণালি বিধি অনুযায়ী বিদায়ি স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে প্রথম বৈঠক শুরুর কথা থাকলেও এবার তা হচ্ছে না। গত সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পদত্যাগ এবং গণহত্যা মামলায় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাবন্দি থাকায় নতুন সংসদের সিনিয়র কোনো সদস্যের সভাপতিত্বে প্রথম বৈঠক শুরু হবে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, স্পিকারের চেয়ার ফাঁকা রেখেই কোরআন তিলাওয়াতের মাধ্যমে প্রথমে শুরু হবে অধিবেশন। এরপর বৈঠকে সভাপতিত্ব করার জন্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সংসদের একজন সিনিয়র সদস্যের নাম প্রস্তাব করবেন। অন্য একজন সংসদ সদস্য তা সমর্থন করবেন। তারপর ওই সিনিয়র সদস্যের সভাপতিত্বে বৈঠক শুরু হবে। প্রথম বৈঠকের সভাপতি হিসেবে বিএনপির সিনিয়র নেতা খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব হতে পারে বলে শোনা যাচ্ছে। সভাপতির দায়িত্ব পাওয়ার পর তিনি শুরুতেই নতুন স্পিকার ও ডেপুটি নির্বাচন করবেন। স্পিকার নির্বাচন প্রক্রিয়া শেষ হলে কিছুক্ষণের জন্য অধিবেশন মুলতবি করা হবে। এই ফাঁকে রাষ্ট্রপতি নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন। শপথগ্রহণ শেষেই নতুন স্পিকার মুলতবি বৈঠকে সভাপতিত্ব করবেন। অবশ্য ডেপুটি স্পিকার প্রথমে নির্বাচন না করা হলে নতুন স্পিকারের সভাপতিত্বে নির্বাচন করা হবে।

নতুন স্পিকার সভাপতির আসনে বসে সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেবেন। এরপর সংসদে শোক প্রস্তাব উত্থাপন করবেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সংসদে শোক প্রস্তাবের ওপর আলোচনা হবে। শোক প্রস্তাব গ্রহণের পর সাংবিধানিক বাধ্যবাধকতায় সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের সময়কালে জারিকৃত ১৩৩টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করবেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এসব অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য একটি কমিটিও গঠন হবে আজকের বৈঠকে। পরে রাষ্ট্রপতির সংসদে ভাষণদানের মাধ্যমে প্রথম দিনের অধিবেশন শেষ হবে।

সংবিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে এবং বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন। শোক প্রস্তাব গ্রহণের পর সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। এরপর সেই ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করা হবে। অধিবেশনজুড়ে এই প্রস্তাবের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা।

এদিকে প্রথম অধিবেশন কত দিন চলবে, তা এখনো চূড়ান্ত হয়নি। জাতীয় সংসদের কার্যোপদেষ্টা কমিটি গঠনের পর কমিটির বৈঠকে প্রথম অধিবেশনের সময়কাল ঠিক হবে। সাধারণত জাতীয় সংসদের প্রথম অধিবেশন দীর্ঘ হয়।

সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার কে হবেন এখনো নিশ্চিত হওয়া যায়নি। গতকাল সরকারি দলের সভায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে স্পিকার ও ডেপুটি স্পিকার নিয়োগের দায়িত্ব ছেড়ে দিয়েছে বিএনপির সংসদীয় দল। তবে স্পিকার হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। এর বাইরে পটুয়াখালী-১ আসনের আলতাফ হোসেন চৌধুরী ও কিশোরগঞ্জ-৩ আসনের ড. এম ওসমান ফারুক আলোচনায় রয়েছেন। আলোচনায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদও। তবে স্পিকার হতে হলে তাকে আগে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হবে। এদিকে ডেপুটি স্পিকার পদে আলোচনায় রয়েছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

প্রথম দিনেই সংসদে অনুমোদনের জন্য উপস্থাপন হবে অন্তর্বর্তী সরকারের ৩৯ অধ্যাদেশ

থাকছে না হাসিনা আমলের দিবস, নতুন পরিপত্র জারি

সংসদে নতুন স্পিকার কে এই হাফিজ উদ্দিন

ডেপুটি স্পিকার কায়সার কামালকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

সংসদ অধিবেশনে শুরুতেই চমক

সংসদ অধিবেশনে ড. ইউনূস–জাইমাসহ উপস্থিত ছিলেন যারা

স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার

সংসদ অধিবেশনে উপস্থিত ড. মুহাম্মদ ইউনূস

ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল