ইতিহাসে সর্বোচ্চ বাক স্বাধীনতা ভোগ করছে দেশের মানুষ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের মানুষের মধ্যে যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য সরকার কাজ করে যাচ্ছে।
মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ‘গণতন্ত্র, মানবাধিকার ও জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দীর্ঘ সময় ধরে চলে আসা ফ্যাসিজম অল্প সময়ে পুরোপুরি মূলোৎপাটন করা সম্ভব নয়। তবে গত সাত মাসে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেনি। বরং এ সময়ে ইতিহাসের সর্বোচ্চ বাকস্বাধীনতার চর্চা দেখা গেছে।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদ পতনের পর বিএনপির অতীতের ধারাবাহিকতায় তারেক রহমানের নেতৃত্বে দেশ আবার গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। প্যানেল আলোচক ছিলেন ব্যারিস্টার নওশাদ জমির, ডা. তাসনিম জারা ও বাসদের বরিশাল বিভাগের নেত্রী ডা. মনিষা দেওয়ান।