শ্যামপুর সাব-রেজিস্ট্রি অফিস পরিদর্শন করেছেন ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সংসদ সদস্যরা। বুধবার দুপুরে পরিদর্শনকালে দুই সংসদ সদস্য সেবাগ্রহীতাদের সঙ্গে আলাদাভাবে কথা বলেন। পরে সাব-রেজিস্ট্রারসহ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন তারা।
মতবিনিময়কালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন বলেন, শ্যামপুর সাব-রেজিস্ট্রি অফিসে কোনো দুর্নীতি-অনিয়ম চলবে না।
উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করে তিনি বলেন, শ্যামপুর সাব-রেজিস্ট্রি অফিসে কোনো সেবাগ্রহীতা হয়রানির শিকার হলে কিংবা যথাযথ সেবা না পেলে জনস্বার্থে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। জনগণের সেবা নিশ্চিত করতে যা যা করণীয়, তা-ই করা হবে।
কোন সেবার বিপরীতে কত টাকা ফি জমা দিতে হবে, সেই তালিকা সাব-রেজিস্ট্রি অফিসে টাঙিয়ে দেওয়ার নির্দেশ দেন মোহাম্মদ কামাল হোসেন এমপি। তিনি বলেন, সরকারের নির্ধারিত ফির অতিরিক্ত এক পয়সাও বেশি আদায় করা যাবে না। এ ছাড়া সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিত থেকে নিজ নিজ দায়িত্ব পালন নিশ্চিত করতে শ্যামপুর সাব-রেজিস্ট্রারকে নির্দেশ দেন তিনি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য, ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন বলেন, নাগরিক সেবা প্রদান করতে হবে দায়িত্বশীলতা ও আন্তরিকতা বজায় রেখে। তিনি শ্যামপুর সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সততা, ন্যায়-নিষ্ঠার সঙ্গে সেবা প্রদানের পাশাপাশি জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের মজলিসে শুরা সদস্য মোহাম্মদ শাহজাহান খান, আতিকুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট মুজিবুল হক জামিল, ৫৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার জসীম উদ্দীন, ৬৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল আলিম এবং ৬০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা আশরাফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ ছাড়া শ্যামপুর সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারীরাও এ সময় উপস্থিত ছিলেন।