হোম > জাতীয়

গত বছরের চেয়ে সার মজুত ৩৫ শতাংশ বেশি: কৃষিমন্ত্রী

স্টাফ রিপোর্টার

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের চাহিদা অনুযায়ী সারের সরবরাহ নিশ্চিত করতে এ বছর সারের আমদানি বাড়ানো হবে। তিনি নিশ্চিত করেন যে, বর্তমানে দেশে গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩৫ শতাংশ বেশি সার মজুত রয়েছে।

বুধবার রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। সভায় রাজশাহী বিভাগের সার, বীজ, সেচ এবং মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সার্বিক ব্যবস্থাপনা নিয়ে অংশীজনদের সাথে আলোচনা করা হয়।

কৃষিমন্ত্রী বলেন, কৃষি উৎপাদন বাড়াতে যত সারের প্রয়োজন হবে, সরকার তা সরবরাহ করবে। কোনো অবস্থাতেই কৃষক যাতে সারের সংকটে না পড়েন, সে বিষয়ে সরকার সজাগ রয়েছে। দেশে সারের কোনো সংকট নেই এবং ভবিষ্যতেও সংকটের আশঙ্কা নেই বলে তিনি উল্লেখ করেন।

সারের অবৈধ পাচার রোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নজরদারি অব্যাহত রাখার নির্দেশ দেন মন্ত্রী। সার ডিলারদের উদ্দেশে তিনি বলেন, বরাদ্দ অনুযায়ী সময়মতো সার উত্তোলন করতে হবে। কোনো ডিলার নির্ধারিত সময়ে সার উত্তোলন না করলে তাকে খেলাপি হিসেবে চিহ্নিত করা হবে। ডিলারশিপ ভাড়া দেওয়া বা অন্যের কাছে হস্তান্তর করা যাবে না বলেও তিনি সতর্ক করেন। অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী।

কৃষকের সুবিধার্থে মৌসুমে সকাল নয়টার মধ্যে সার বিক্রির দোকান খোলা এবং বিকেল পাঁচটা থেকে ছয়টার আগে বন্ধ না করার জন্য ডিলারদের নির্দেশনা দেন তিনি।

মন্ত্রী বলেন, নতুন ফসল ও কৃষি কার্যক্রম সম্প্রসারণের ফলে সারের চাহিদা বাড়লে সরকার প্রয়োজনীয় সার সরবরাহ করবে। তবে জমির উর্বরতা ও উৎপাদন ব্যয় বিবেচনায় কৃষকদের সুষম ও পরিমিত সার ব্যবহারে সচেতন করতে কৃষি কর্মকর্তাদের মাঠপর্যায়ে প্রশিক্ষণ ও পরামর্শ জোরদার করতে হবে। মাছ চাষে সার ব্যবহারের ক্ষেত্রেও মৎস্য কর্মকর্তাদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার আহ্বান জানান তিনি।

রাজশাহী জেলায় আদা, টমেটো, কাঁচা মরিচের চাষাবাদ সম্প্রসারণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, স্থানীয়ভাবে এসব ফসলে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে হবে।

রাজশাহী বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। সভায় রাজশাহী বিভাগের সকল জেলার জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকগণ উপস্থিত ছিলেন।

শ্রমিকদের যৌক্তিক মজুরি নিশ্চিত করবে নিরপেক্ষ বোর্ড: মাহ্দী আমিন

ইকবাল সোবহানের আটক নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাথমিক শিক্ষায় নতুন মনিটরিং নীতিমালা, আসছে পরিমার্জিত কারিকুলাম: প্রতিমন্ত্রী ববি

সহিংসতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে: টুকু

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

‘ইসলামবিদ্বেষের বিরুদ্ধে আবদুল আল-সাইয়েদের এই জয় নতুন রাজনীতির বার্তা’

মানহীন মেডিকেল কলেজ করতে দেওয়া হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো ডিসেম্বর থেকে কার্যকর