বাংলাদেশ নেচার অ্যান্ড এনভায়রনমেন্টাল ফাউন্ডেশনের উদ্যোগে ‘ডেঙ্গু প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করা হয়।
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রবের সভাপতিত্বে সেমিনারে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ নেচার অ্যান্ড এনভায়রনমেন্টাল ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএমএইচের শিশু বিভাগের অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি সৈয়দ শাহিদুর রহমান বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে শুধু জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা আর সেমিনারের মধ্যে সীমাবদ্ধ থাকলেই চলবে না; এর জন্য প্রয়োজন সরকারের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ।’
সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় জনগণ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘নাগরিক সেবা নিশ্চিত করা এবং ডেঙ্গু দমনে এসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে অবিলম্বে কার্যকর করতে হবে।’
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব বলেন, ‘ইতোমধ্যে লাখেরও বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হলেও এটি প্রতিরোধে সরকারের পর্যাপ্ত উদ্যোগ দেখা যাচ্ছে না। রাজনীতি যদি কেবল ক্ষমতার জন্য হয়, তাহলে জনগণের প্রতি দায়বদ্ধতা থাকে না।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে সরকারের চেয়ে বিরোধী দল ও সামাজিক সংগঠনগুলোকে জনকল্যাণমুখী কার্যক্রমে বেশি সক্রিয় দেখা যাচ্ছে। তবে ডেঙ্গু যেভাবে মহামারির দিকে যাচ্ছে, তা মোকাবিলায় রাজনৈতিক দল ও সরকারের ভূমিকা সবচেয়ে বেশি জরুরি।’ এখনই সমন্বিত পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সেমিনারে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, করোনার মতো ডেঙ্গুও দেশে মারাত্মক আকার ধারণ করছে। কিন্তু ডেঙ্গু প্রতিরোধ ও আক্রান্তদের সুচিকিৎসায় হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থার অভাব রয়েছে, যার ফলে রোগী ও তাদের স্বজনদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
উপস্থাপিত মূল প্রবন্ধ পর্যালোচনা করে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিসের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান নাসির, সাবেক রাষ্ট্রদূত সাকিব আলী ও হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. খোরশেদ আলী মিয়া।
এছাড়া সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেনÑসাবেক অতিরিক্ত সচিব আব্দুল হালিম, ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ডা. মারুফ শাহরিয়ার এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নুর উদ্দিন তালুকদার।