বিপিসি চেয়ারম্যান পদ নিয়ে ‘ভুয়া চুক্তি’
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (প্রশাসন) এস এম লাবলুর রহমানের স্বাক্ষর জাল করে ভুয়া চুক্তিনামা ও সম্মতিপত্র তৈরির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বিমানবন্দর থানায় মামলা করেছেন তিনি।
রোববার (২২ জুন) রাতে দায়ের করা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার।
মামলার এজাহার সূত্রে জানা যায়, এস এম লাবলুর রহমানকে প্রথম পক্ষ এবং ফাহাদ হোসেনকে দ্বিতীয় পক্ষ দেখিয়ে একটি চুক্তিনামা তৈরি করা হয়। ওই চুক্তিনামায় উল্লেখ করা হয়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান পদে নিয়োগ পেলে ফাহাদ হোসেনকে অর্থ প্রদান করা হবে। অভিযোগ রয়েছে, এই চুক্তিনামায় লাবলুর রহমানের স্বাক্ষর জাল করা হয়েছে।
শুধু তাই নয়, তার নামে একটি পৃথক সম্মতিপত্রও তৈরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই নথিতেও তার স্বাক্ষর জাল করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
বিষয়টি জানতে পেরে নিজের সুনাম ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করার অপচেষ্টার অভিযোগ তুলে আইনের আশ্রয় নেন বেবিচকের সদস্য (প্রশাসন)।
এস এম লাবলুর রহমান বলেন, ‘স্বাক্ষর জাল করে এ ধরনের নথি তৈরি করা হয়েছে। আমি কখনোই এমন গর্হিত ও অনৈতিক কাজে জড়িত থাকতে পারি না।’ তিনি দাবি করেন, একটি চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হেয়প্রতিপন্ন করার জন্য এ ঘটনা ঘটিয়েছে।
তিনি আরও বলেন, ‘ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করছি।’
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। নথিপত্র যাচাই-বাছাই এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।