রাজধানীর বাড্ডা ও ময়মনসিংহের মুক্তাগাছা থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে জজ মিয়া হত্যা মামলার আরও পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলগাঁও থানা-পুলিশ। এ সময় মুক্তাগাছা থানা-পুলিশ এবং ডিএমপির ডিবি মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিম আসামি গ্রেপ্তারে সহযোগিতা করে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলো— ১. মো. মনির হোসেন (২৫), ২. মো. রমজান ওরফে বুলেট (২২), ৩. মো. আশিক (২২), ৪. মো. রাসেল (২৪) ও ৫. মো. সাব্বির খান (২৩)।
খিলগাঁও থানা সূত্রে জানা যায়, রোববার (১৩ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৪ টা ৩০ মিনিটে ময়মনসিংহের মুক্তাগাছা থানাধীন মানকোন ইউনিয়নের বাদেমাঝিরা এলাকায় মুক্তাগাছা থানা-পুলিশের সহায়তায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। একই তারিখ রাত আনুমানিক ১১ টা ১০ মিনিটে ডিএমপির বাড্ডা থানাধীন মেরুল বাড্ডা এলাকায় ডিবি মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিমের সহায়তায় অপর দুইজনকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য যে, গত ৯ সেপ্টেম্বর জজ মিয়ার (৪৪) লাশ উদ্ধার করে খিলগাঁও থানা-পুলিশ। এ ঘটনায় বাদী হয়ে তার স্ত্রী হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে গত ১০ সেপ্টেম্বর একজন আসামিকে গ্রেপ্তার করে খিলগাঁও থানা-পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।