সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণ করেছে। তাদের প্রতিফোঁটা রক্তের দাম পরিশোধ করা হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নাচোল মহিলা কলেজের তিন দশক পূর্তি উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, নির্বাচন কমিশনের সদস্য মাত্র পাঁচজন। আমরা সব ধরনের কাজ করতে পারব না। এতে সকল স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, শিক্ষার্থীরা অর্ধেক মারা যাওয়া জাতিকে জাগিয়েছে। এর চেয়ে গর্বের জায়গা জাতির ইতিহাসে খুব কম আছে। আমি গর্ব করে বলবো বাংলাদেশের তরুণরা পৃথিবীতে অদ্বিতীয়।
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ আরও বলেন,নির্বাচন কমিশনে শপথ গ্রহণ করে ঢাকা পঙ্গু হাসপাতালে জুলাই-আগস্ট আহতদের দেখতে গিয়েছিলাম। সেখানে ৮০-৮৫ জন শিক্ষার্থীরা ছিল। যাদের শারীরিক পরিস্থিতি অবর্ণনীয়। এমন সময়েও তাদের মধ্যে ৩-৪ জন ব্যক্তিগত সমস্যার কথা বললেও অন্য শিক্ষার্থীদের একটা বিরাট অংশ আমাকে বললেন স্যার একটা ভাল নির্বাচন দিয়েন। না হয় সুস্থ হয়ে আবার রাস্তায় নামব।
পাকিস্তানের ইমরান খান খুব জনপ্রিয় ব্যক্তি। কিন্তু ক্ষমতায় আসতে পারে না। কিছুদিন আগে পাকিস্তানের এক নাগরিকের কাছে তাদের দেশের খোঁজ খবর নিচ্ছিলেন আমার স্ত্রী। পাকিস্তানি নাগরিক বললেন বাংলাদেশের ছাত্র লাগবে তাদের। তবেই জনপ্রিয় নেতাকে ক্ষমতায় দেখা যাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত যুগ্মসচিব ইরতেজা আহমেদ চৌধুরী, নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, নাচোল মহিলা কলেজের প্রতিষ্ঠাতা আব্দুল হাকিম, সভাপতি মোজাম্মেল হক, ওবায়দুর রহমান প্রমুখ।
এমএস