পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এ পর্যন্ত ২০ হাজার ৫৫৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত মোট ৫১টি ফ্লাইটে তারা সেখানে গেছেন। এদিকে হজ পালনে গিয়ে একজন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে।
বুধবার (২২ এপ্রিল) প্রকাশিত সর্বশেষ হজ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
বুলেটিনে উল্লেখ করা হয়, বুধবার রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৮৫৫ জন, সৌদি এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৬৯৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ২ হাজার ৮৩০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ৬৯৩ জন।
এদিকে চলতি বছর হজ পালনে গিয়ে এখন পর্যন্ত একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি নইম উদ্দীন মন্ডল (৭৫), যার বাড়ি জয়পুরহাট সদর উপজেলায়।
গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজ ফ্লাইট চলাচল শুরু হয়। ওইদিন ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায়। হজযাত্রী পরিবহনের এই কার্যক্রম চলবে আগামী ২১ মে পর্যন্ত। এরপর ৩০ মে থেকে শুরু হবে ফিরতি ফ্লাইট, যা শেষ হবে ৩০ জুন।
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজে অংশ নেবেন ৫ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী।
এআরবি