পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে আবারও বড় ধরনের রদবদল করা হয়েছে। ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৩১ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করেছে সরকার। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে এসব বদলি-পদায়নের আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেছেন উপসচিব তৌছিফ আহমেদ। নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের মধ্যে ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পর্যায়ের পাশাপাশি বিভিন্ন জেলার এসপিও রয়েছেন।
সিলেটের অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি ডিআইজি) মোহাম্মদ এনামুল হককে খাগড়াছড়ির বিশেষায়িত ট্রেনিং সেন্টারে (এপিবিএন) অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। খাগড়াছড়ির ওই ট্রেনিং সেন্টারের ডিআইজি পরিতোষ ঘোষকে এপিবিএনের পার্বত্য জেলাসমূহ কার্যালয়ের ডিআইজি করা হয়েছে। হাইওয়ে পুলিশের ডিআইজি হাবিবুর রহমান খানকে ঢাকার টিডিএস কমান্ড্যান্টের দায়িত্ব দেওয়া হয়েছে। এসবির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনিছুর রহমানকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অতিরিক্ত ডিআইজি হিসেবে পাঠানো হয়েছে।
এপিবিএনের পুলিশ সুপার শাহরিয়ার আল মামুনকে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার হিসেবে দেওয়া আগের পদায়ন বাতিল করা হয়েছে। তাকে পুলিশ টেলিকমে পুলিশ সুপার করা হয়েছে। একইভাবে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহকে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার করার আগের আদেশ বাতিল করে পুলিশ টেলিকমে পুলিশ সুপার করা হয়েছে।
জেলা পুলিশেও বড় পরিবর্তন
পুলিশ সুপার পর্যায়ে এবার একাধিক জেলায় নতুন মুখ যাচ্ছে। র্যাবের উপপরিচালক মো. বদরুদ্দোজাকে নেত্রকোনার পুলিশ সুপার করা হয়েছে। নেত্রকোনার বর্তমান পুলিশ সুপার মো. তরিকুল ইসলামকে সিআইডির বিশেষ পুলিশ সুপার পদে পাঠানো হয়েছে। পুলিশ অধিদপ্তরের এআইজি মু. জালাল উদ্দিন ফাহিমকে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফকে এসবির বিশেষ পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। র্যাবের উপপরিচালক মীর মনির হোসেনকে রাজবাড়ীর পুলিশ সুপার করা হয়েছে। রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদকে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার করা হয়েছে। মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়কে সিআইডির বিশেষ পুলিশ সুপার এবং পুলিশ অধিদপ্তরের এআইজি আলী হায়দার চৌধুরীকে মেহেরপুরের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনকে এপিবিএনে পুলিশ সুপার করা হয়েছে। মোনালিসা বেগমকে রংপুরের পুলিশ ট্রেনিং সেন্টারে পুলিশ সুপার এবং মো. জাহিদুল ইসলামকে রাজশাহীর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কমান্ড্যান্ট করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের এআইজি মো. আবু হাসানকে শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার করা হয়েছে। পুলিশ টেলিকমের মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীকে খাগড়াছড়ির মহালছড়ি এপিবিএন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে পাঠানো হয়েছে। এসবির বিশেষ পুলিশ সুপার আমীনুল ইসলামকে রাঙামাটির বেতবুনিয়া পিএসটিএসে এবং সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আসমা আখতারকে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে। এ ছাড়া রাজারবাগ পুলিশ টেলিকমের পুলিশ সুপার মো. নাছির উদ্দিন যুবায়েরকে ট্যুরিস্ট পুলিশের এসপি এবং একই ইউনিটের শাহরিয়ার বিন সালেহকে রেলওয়ে পুলিশের এসপি করা হয়েছে।
মেট্রোপলিটন পুলিশেও নতুন দায়িত্ব
খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) তোফায়েল আহম্মেদকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার করা হয়েছে। খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান রাসেলকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মেরিনা আক্তারকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিউল ইসলামকে সিআইডির বিশেষ পুলিশ সুপার এবং মোহাম্মদ মহিউদ্দীন আহমেদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার করা হয়েছে। এছাড়া বর্তমানে ওএসডি থাকা অতিরিক্ত ডিআইজি মো. গিয়াস উদ্দিন আহমদকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। আর পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনকে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।