হোম > জাতীয়

রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ৯ প্রবাসীর লাশ দেশে পৌঁছেছে

স্টাফ রিপোর্টার

সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ আগুনে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৯ জনের লাশ দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৪০ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

এ সময় আনুষ্ঠানিকভাবে নিহতদের লাশ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পরে নিহতদের পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়।

প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত অপর ৭ জনের ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করা সম্ভব হয়নি। ফলে সিআইডির তত্ত্বাবধানে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে; দ্রুততম সময়ের মধ্যে তাদের লাশ বাংলাদেশে ফিরিয়ে আনার সর্বাত্মক কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া নিহতদের পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা করা হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, যারা মারা গেছেন, সবার মৃতদেহ এখনো দেশে আনতে পারিনি। তাদের মৃতদেহ দেশে আনতে সৌদি দূতাবাসের সবাই নিরলস কাজ করে যাচ্ছেন। যেহেতু আগুন লেগেছে, তাদের ডিএনএ টেস্ট হবে, পরিবারের সঙ্গে কথা হয়েছে, দ্রুত দেশে ফেরত আনা হবে।

এদিকে, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো তালিকায় শনাক্ত হওয়া এই ৯ জনের মধ্যে সাতজনই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। তারা হলেন উপজেলার পাঁচুপুর ইউনিয়নের পারকাসুন্দা গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে আব্দুল জলিল সরদার (৪৫), বিশা ইউনিয়নের ডুবাই গ্রামের বাদল হোসেনের ছেলে সোহেল রানা সুমন (২৫), কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালি গ্রামের গোফফার রহমানের ২ ছেলে মোহন আলী (৩০) ও সুমন (২৭), একই গ্রামের সাইদুর রহমানের ছেলে রুবেল হোসেন (৩১), বজলুর রহমানের ছেলে কলিমুদ্দিন (২৮) ও শাহাগোলা ইউনিয়নের উদনপৈ গ্রামের ময়েন শেখের ছেলে ফরিদ শেখ (৩৫)। অপর দুইজন হলেন নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা গ্রামের রবিউল ইসলাম এবং রাজশাহীর বাগমারা উপজেলার মরুগ্রামের শ্যামল উদ্দিন।

বিকেলে তাদের স্বজনদের কাছে লাশগুলো হস্তান্তর করা হয়েছে বলে উপজেলা প্রশাসন নিশ্চিত করেছে।

জানা যায়, অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ জনের জানাজার নামাজ শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে মোল্লা আজাদ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ জানাজায় নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি শেখ রেজাউল ইসলাম রেজু, নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন।

এর আগে, ৯ আগস্ট রিয়াদের মানফুয়া ও মুসা সানাইয়া এলাকার ওই কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। ভয়াবহ ওই দুর্ঘটনায় দগ্ধ হয়ে সব মিলিয়ে ১৬ জন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়।

বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আলোচনার মধ্যে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবীরের বৈঠক

জাতীয় সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

৬৪ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

পুলিশে দলীয় নিয়োগের তদন্ত শেষ পর্যায়ে, তথ্য প্রকাশের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী চান রুমিন ফারহানা!

ক্যাম্পাসগুলোতে শিবিরের ওপর ছাত্রদলের হামলার দিনটি ছিল বেশ কষ্টের: জামায়াত এমপি

নতুন দায়িত্ব পেলেন ১০ মন্ত্রী-প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক পরিমণ্ডলে কোর অব মিলিটারি পুলিশের ভূমিকার প্রশংসা সেনা প্রধানের