ঢাকা-৮ আসনের ১১দলীয় ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি ফেসবুক পোস্ট শেয়ার করে, দলটির (এনসিপি) ও ঢাকা-১১ আসনের ১১দলীয় জোটের প্রার্থী আহ্বায়ক নাহিদ ইসলাম সবাইকে ঢাকা-৮ আসার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার রাত ১০টা ৫০ মিনিটে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলামের শেয়ার করা নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পোস্টে বলা হয়েছে, “ফলাফল পরিবর্তনের চেষ্টা চলছে, সবাই সতর্ক থাকুন। নিজের ভোটকেন্দ্র পাহারা দিতে যারা এখনো আসেননি, এগিয়ে আসুন।”
এর আগে রাত পৌনে ৮টার দিকে ছয় কেন্দ্রের ফল পাল্টে দেওয়ার অভিযোগ করে নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে অভিযোগ করেন। তার প্রধান নির্বাচনী এজেন্ট শাহিন আহমেদ জানান, এই কেন্দ্রগুলোতে তিনবার ভোট গণনা করে এজেন্টদের আটকে রেখে বাতিল ভোট যুক্ত করে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, ঢাকা-৮ আসনের সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডিয়াল কলেজ ও ইস্কাটন গার্ডেন কেন্দ্রে যেসব ভোট বাতিল হয়েছে, সেগুলো বৈধ ধরার জন্য চাপ তৈরি করছেন মির্জা আব্বাস ও তার লোকজন।
শাহিন আহমেদ আরও জানান, মাহবুব আলী ইনস্টিটিউট ও মির্জা আব্বাস ডিগ্রি কলেজে ভোট গণনা শেষে ফলের কাগজও হাতে পেয়েছেন। কিন্তু এসব কেন্দ্রে ফল পুনরায় গণনার জন্য প্রভাব বিস্তার করছেন মির্জা আব্বাস। ভোটকেন্দ্র থেকে কাউকে বের হতে দিচ্ছেন না, জিম্মি করে রেখেছে। পল্টনের পরিবার-পরিকল্পনা কেন্দ্রে গণনা শেষ হয়েছে, তবে এর ফল প্রকাশে বাধা দিচ্ছে বিএনপির লোকজন।
এসআর