সাম্প্রতিক বন্যায় চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারের বিভিন্ন এলাকা ব্যাপকভাবে প্লাবিত হয়ে জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বিমান বাহিনী মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায়, মঙ্গলবার বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির (বাফওয়া) সভানেত্রী সালেহা খানের উদ্যোগ ও দিকনির্দেশনায় বাফওয়া চট্টগ্রাম শাখা চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকায় দুর্গত পরিবারের মাঝে প্রয়োজনীয় শুকনা খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি ওষুধ বিতরণ করেছে।
এছাড়া বাফওয়া উপ-আঞ্চলিক শাখা শমশেরনগর মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাজদিঘীরপার এলাকায় বন্যাদুর্গত পরিবারের মাঝেও পর্যাপ্ত পরিমাণ শুকনা খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি ওষুধ বিতরণ করে।
বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের সার্বিক দিক-নির্দেশনায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার কর্তৃক কক্সবাজার জেলার পেকুয়া (রাজাখালী) এলাকায় বন্যাদুর্গত মানুষের মাঝে পর্যাপ্ত পরিমাণ প্রয়োজনীয় শুকনো খাবার, বিশুদ্ধ পানি এবং জরুরি ওষুধ বিতরণ করা হয়।
উল্লেখ, বাংলাদেশ বিমান বাহিনী ও বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া)-এর ত্রাণ কার্যক্রম ও মানবিক সহায়তা বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। বিমান বাহিনী প্রধান ইতোমধ্যে বাহিনীর সকল ঘাঁটি ও ইউনিটকে তাদের পার্শ্ববর্তী বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা এবং সার্বিক সহযোগিতা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি, যেকোনো জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীর রেসকিউ টিম, হেলিকপ্টার এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।