দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা নিয়ে নতুন গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নবগঠিত কয়েকটি উপজেলা ও ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট সংসদীয় আসনের আওতায় অন্তর্ভুক্ত করে রোববার এ গেজেট প্রকাশ করা হয়।
তবে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রশাসনিক পুনর্বিন্যাসের কারণে কাগজে-কলমে আসন সীমানায় সংশোধন আনা হলেও বাস্তবে সংশ্লিষ্ট সংসদীয় আসনগুলোর ভোটার এলাকা বা সীমানায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না।
নতুন গেজেটের আওতাভুক্ত ১১টি সংসদীয় আসন হলো—ঠাকুরগাঁও-১, বগুড়া-২, পিরোজপুর-১, ময়মনসিংহ-১০, ব্রাহ্মণবাড়িয়া-৩ ও ৪, কুমিল্লা-৩, লক্ষ্মীপুর-২ ও ৩, চট্টগ্রাম-২ এবং কক্সবাজার-১।
ইসির গেজেট অনুযায়ী, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া আসন ঠাকুরগাঁও-১। ঠাকুরগাঁও সদর উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনে নবগঠিত রুহিয়া ও ভুল্লী উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সদর উপজেলা ভেঙে এ দুটি উপজেলা গঠন করা হয়। গত মে মাসে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর সভায় উপজেলা দুটি অনুমোদন দেওয়া হয়।
বগুড়া-২ সংসদীয় আসনে শিবগঞ্জ উপজেলার পাশাপাশি নবগঠিত মোকামতলা উপজেলাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। গত মে মাসে নিকার বৈঠকে মোকামতলা উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়। অন্যদিকে, ময়মনসিংহ-১০ আসনে গফরগাঁও উপজেলার সঙ্গে নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলাকে যুক্ত করা হয়েছে। গত জুলাই মাসে নিকার বৈঠকে দক্ষিণ গফরগাঁও উপজেলা অনুমোদন পায়। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আখাউড়া উপজেলার নবগঠিত বরিশল ইউনিয়ন পরিষদ অন্তর্ভুক্ত করা হয়েছে।
অপরদিকে, ওই ইউনিয়ন বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সীমানা নির্ধারণ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম আলাদা করে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করে নতুন বরিশল ইউনিয়ন গঠন করা হয়। গত মে মাসে নিকার এ ইউনিয়ন অনুমোদন দেয়।
কুমিল্লা-৩ সংসদীয় আসনে মুরাদনগর উপজেলার সঙ্গে নবগঠিত বাঙ্গরা উপজেলাকে যুক্ত করা হয়েছে। গত জুলাই মাসে নিকার বৈঠকে বাঙ্গরা উপজেলা অনুমোদন পায়। এ ছাড়া চট্টগ্রাম-২ আসনে ফটিকছড়ি উপজেলার সঙ্গে নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। কক্সবাজার-১ সংসদীয় আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে নবগঠিত মাতারমুহুরি উপজেলাকে।
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, মূলত নতুন প্রশাসনিক ইউনিট গঠনের সঙ্গে সংসদীয় আসনের সীমানার তথ্য সামঞ্জস্যপূর্ণ করতেই এ সংশোধনী গেজেট প্রকাশ করা হয়েছে। ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোর প্রশাসনিক পরিচয়ে পরিবর্তন এলেও সংসদীয় আসনের বাস্তব সীমানায় বড় ধরনের কোনো পরিবর্তন হচ্ছে না।
এমএমআর