হোম > জাতীয়

বাড়িতে আগুনের ঘটনায় আমি দুইবার আহত হয়েছি: সংসদে এমপি নুসরাত

আমার দেশ অনলাইন

কুষ্টিয়ার দৌলতপুরে নিজের বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ‘দুবার আহত হয়েছেন’ বলে জাতীয় সংসদে মন্তব্য করেছেন সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতি। রোববার জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিজেদের নিরাপত্তা দাবি করেন।

সংসদে বক্তব্য রাখার সময় নুসরাত তাবাসসুম জ্যোতি বলেন, গত ১২ নভেম্বর রাতের প্রথম প্রহরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে তার বসতবাড়িতে কতিপয় সন্ত্রাসী আগুন দেয়। এই ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রথমবার যখন দেখেছি আমার বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, আর দ্বিতীয়বার যখন দেখেছি এই মহান জাতীয় সংসদে আমার শ্রদ্ধাভাজন সহকর্মীরা আমার পরিবারের সাথে ঘটে যাওয়া নাশকতাকে লঘু করে দেখানোর চেষ্টা করেছেন—এতে আমি আসলে দুবার আহত হয়েছি।

ঘটনার বিবরণ দিয়ে সংসদের এই সর্বকনিষ্ঠ সদস্য বলেন, সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে বিস্ফোরণের মতো করে পুরো বাড়িতে আগুন জ্বলে উঠেছে এবং ভেতর থেকে নারী ও শিশুরা বের হয়ে আসছে, এমনকি অনেকে ধোঁয়ায় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ছেন। তখনও বাড়ির দেয়ালের বৈদ্যুতিক বাতি জ্বলছিল উল্লেখ করে তিনি বলেন, এমন চাক্ষুষ প্রমাণ থাকার পরও বাড়িটিকে পরিত্যক্ত এবং ঘটনাটিকে শর্টসার্কিট হিসেবে উপস্থাপন করায় তিনি বিস্মিত ও মর্মাহত।

তদন্ত চলাকালীন দায়িত্বশীল ব্যক্তিদের এমন মন্তব্য তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। জ্যোতি বলেন, আইনশৃঙ্খলা রক্ষার সর্বোচ্চ দায়িত্বে থাকা ব্যক্তি যখন তদন্ত চলাকালীন কোনো একটি রেজাল্ট বলে ফেলেন, তখন অধস্তনরা কর্তাব্যক্তিকে খুশি করার জন্য সে অনুযায়ী রিপোর্ট তৈরির একটি সম্ভাবনা থেকেই যায়। এতে সুষ্ঠু তদন্ত নিয়ে আমি সন্দিহান।

হামলাকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লাস করে দায় স্বীকার করছে এবং তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলেও সংসদে অভিযোগ করেন তিনি। এছাড়া একই কায়দায় গোপালগঞ্জেও বিএনপি, ছাত্রদল ও যুবদলের অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং প্রকাশ্যে এনসিপি ও বিএনপি নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

বক্তব্যের শেষে নুসরাত তাবাসসুম জ্যোতি নিজের, পরিবারের এবং জুলাই গণঅভ্যুত্থানের সকল অগ্রসেনানীর নিরাপত্তা দাবি করে স্পিকারের মাধ্যমে সংসদের কাছে প্রশ্ন রাখেন, আমার সাথে ঘটে যাওয়া ঘটনার প্রতিকার আমি কবে এবং কীভাবে পাব?

হাতকড়া ছাড়া জিয়াউলের আদালতে হাজিরা, সংসদে যা বললেন ইলিয়াস আলীর স্ত্রী

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন ডিসি-এসপি

নিবন্ধন বিভাগের উন্নয়নে ৬ দফা দাবি পেশ বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের

মামুনুল হক ইস্যু: ওলিপুরীর খোলা চিঠির জবাব দিলেন পীর সাহেব দেওনাসহ তিন শীর্ষ আলেম

দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

মালয়েশিয়াগামী কর্মীদের জন্য সুখবর দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

গোপালগঞ্জের এসপি বদলি, চট্টগ্রাম রেঞ্জে নতুন ডিআইজি

জলবায়ু সম্মেলনে উপকূলের সংকট ও শিশু-তরুণদের অধিকার তুলে ধরলেন তিন বাংলাদেশি

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম ৪ দিনের রিমান্ডে